স্বাস্থ্য

বিশ্ব ডায়াবেটিস দিবস’ উপলক্ষে বাংলাদেশ ডায়াবেটিক সমিতির বিভিন্ন কর্মসূচি

আজ ১৪ নভেম্বর ‘বিশ্ব ডায়াবেটিস দিবস’। প্রতি বছর বাংলাদেশসহ বিশ্বের প্রায় ১৭০ টি দেশে এ দিবসটি পালন করা হয়। বিভিন্ন কর্মসূচির মাধ্যমে ডায়াবেটিস সম্পর্কে গণসচেতনতা সৃষ্টিই ‘বিশ্ব ডায়াবেটিস দিবস’ এর প্রধান লক্ষ্য। এবারের প্রতিপাদ্য বিষয় ‘কর্মস্থলে ডায়াবেটিস সচেতনতা গড়ে তুলুন’। বাংলাদেশ ডায়াবেটিক সমিতি দিবসটি উপলক্ষে দু’দিন ব্যাপী নানা কর্মসূচির সিদ্ধান্ত নিয়েছে।

এ উপলক্ষে বৃহস্পতিবার (১৩ নভেম্বর) ডায়াবেটিক সমিতি রাজধানীর ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে। সংবাদ সম্মেলনে বিভিন্ন কর্মসূচি এবং ডায়াবেটিস রোগ সম্পর্কে বিস্তারিত তথ্য উপাত্ত তুলে ধরা হয়।

সংবাদ সম্মেলনে বলা হয়, মানুষের শরীরে ইনসুলিন নামের একধরনের হরমোনের অভাব হলে রুক্তে গ্লুকোজের পরিমাণ বেড়ে যায়। এই অবস্থাকেই ডায়াবেটিস বলা হয়। রোগটি সম্পূর্ণ নিরাময়যোগ্য না। তবে নিয়ন্ত্রণে রেখে সুস্থ থাকা যায়। অতিরিক্ত ফাস্টফুড ও চর্বিযুক্ত খাবার খেলে, শারীরিক পরিশ্রম ও নিয়মিত শরীরচর্চা না করলে, মাত্রাতিরিক্ত ওজন বেড়ে গেলে ডায়াবেটিসের ঝুঁকি বেড়ে যায়।
ডায়াবেটিস নিয়ন্ত্রণে না থাকলে হার্ট অ্যাটাক, স্ট্রোক, কিডনি ফেইলিওর, অন্ধত্ব ও অঙ্গচ্ছেদের মতো মারাত্মক এবং প্রাণঘাতী ঝুঁকি থাকে।

ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে নিয়মিত ব্যায়াম করা, সুষম খাদ্য খাওয়া, চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নিয়মিত ওষুধ ও ইনসুলিন গ্রহণ করা, সুশৃঙ্খল জীবনযাপন করার পরামর্শ দেন বিশেষজ্ঞরা।

সংবাদ সম্মেলনে আরও বলা হয়, ডায়াবেটিস নিয়ে সচেতনতার জন্য সবারই নিয়মিত রক্তের গ্লুকোজ পরীক্ষা করে দেখা প্রয়োজন। এ ছাড়া যেসব গর্ভবতী নারীর ডায়াবেটিস আছে, তাঁদের যত্ন ও চিকিৎসায় বিশেষ নজর দেওয়ার আহ্বান জানানো হয়।

সংবাদ সম্মেলনে ডায়াবেটিক সমিতির পরিচালক (প্রকাশনা ও গণসংযোগ) ফরিদ কবিরের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন সমিতির সভাপতি জাতীয় অধ্যাপক এ কে আজাদ খান, মহাসচিব মোহাম্মদ সাইফ উদ্দিন, ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালের সিইও সাহেলা নাসরিন, বারডেমের মহাপরিচালক প্রফেসর মির্জা মাহবুবুল হাসান, বারডেমের এন্ডোক্রোইনোলজি বিভাগের অধ্যাপক মো. ফারুক পাঠান প্রমূখ।

এবারে দিবসটি পালনে কর্মসূচির মধ্যে রয়েছে – রোড শো, বিনামূল্যে ডায়াবেটিস নির্ণয়, আলোচনা সভা, হ্রাসকৃত ফি তে চিকিৎসা সেবা এছাড়া স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি।

ক্যাটাগরি