আজ মৌলভীবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান আজ বুধবার মৌলভীবাজার সফর করবেন। গতকাল মঙ্গলবার প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়েছে। দিনব্যাপী এই সফরে প্রধানমন্ত্রীর মূল কর্মসূচি ফ্যামিলি কার্ড বিতরণ।
প্রধানমন্ত্রী তারেক রহমানের মৌলভীবাজার সফরকে কেন্দ্র করে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। ফ্যামিলি কার্ড’ পাইলটিং কর্মসূচির তৃতীয় পর্যায়ের উদ্বোধন করতে বুধবার (১৭ জুন) সকালে সেখানে পৌঁছাবেন তারেক রহমান।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রটোকল অফিসার-১ মো. উজ্জল হোসেনের সই করা সফরসূচি অনুযায়ী, সকালে ঢাকা থেকে বিমানে সিলেট যাবেন। সেখান থেকে সড়ক পথে নির্ধারিত কর্মসূচি অনুযায়ী দুপুর ১টায় শ্রীমঙ্গল উপজেলার ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে উপস্থিত হয়ে ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে অংশ নেবেন।
সেখান থেকে বিকালে মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে যোগদান করবেন তিনি। পরে বিকাল সাড়ে ৪টায় মৌলভীবাজার দুসাই রিসোর্টে আয়োজিত রাজনৈতিক সভায় অংশ নেবেন।
প্রধানমন্ত্রী শ্রীমঙ্গল ও মৌলভীবাজার সদরে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেবেন। পরে তিনি দুসাই রিসোর্টে আয়োজিত দলীয় সভায় যোগ দেবেন। এদিকে প্রধানমন্ত্রীকে বরণে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানা গেছে।




