জাতীয়

অর্থবিল পাস: করমুক্ত আয়সীমা ৪ লাখ টাকা, টিআইএন ছাড়াই ব্যাংক হিসাব

ছবি : সংগৃহীত

জাতীয় সংসদে অর্থবিল ২০২৬ পাসের আগে প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রস্তাবে ব্যক্তিশ্রেণির করমুক্ত আয়সীমা প্রস্তাবিত ৩ লাখ ৭৫ হাজার টাকা থেকে বাড়িয়ে ৪ লাখ টাকা করা হয়েছে। ফলে আগামী অর্থবছরে চার লাখ টাকা পর্যন্ত আয় করমুক্ত থাকবে।

প্রস্তাবিত বাজেটে ব্যাংক হিসাব খুলতে কর শনাক্তকরণ নম্বর (টিআইএন) বাধ্যতামূলক করার কথা থাকলেও তা প্রত্যাহার করা হয়েছে। ফলে আগের মতো টিআইএন ছাড়াই ব্যাংক হিসাব খোলা যাবে।

এ ছাড়া সিটি করপোরেশন ও পৌর এলাকায় জমি-ফ্ল্যাটের বণ্টননামা, দলিল নিবন্ধন ও নামজারির ক্ষেত্রে টিআইএন বাধ্যতামূলক করার প্রস্তাবও বাতিল করা হয়েছে।

সোমবার জাতীয় সংসদে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী অর্থবিলটি পাসের প্রস্তাব উত্থাপন করেন। বাজেটের ওপর আলোচনা শেষে বিলটি পাস হয়।

অর্থবিলে আনা অন্যান্য গুরুত্বপূর্ণ পরিবর্তন

  • জমি নিবন্ধনের বিতর্কিত বিধান বাতিল: প্রকৃত মূল্য ও মৌজা মূল্যের পার্থক্য সংক্রান্ত বিধান সমালোচনার মুখে প্রত্যাহার করা হয়েছে।
  • বেসরকারি বিশ্ববিদ্যালয়ের কর কমানো: ১০ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করা হয়েছে।
  • ডিজিটাল বিজ্ঞাপনে ভ্যাট হ্রাস: অনলাইন ভিডিও প্ল্যাটফর্ম, সামাজিক যোগাযোগমাধ্যম ও সার্চ ইঞ্জিনে বিজ্ঞাপনের ভ্যাট ১৫ শতাংশ থেকে ৫ শতাংশে নামানো হয়েছে।
  • স্বর্ণ ব্যবসায় নতুন ভ্যাট কাঠামো: স্বর্ণ, রৌপ্য, প্লাটিনাম ও হীরার অলংকারের ভ্যাট পুনর্নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি কেনাকাটায় ৫০ পয়সা হারে উৎসে কর আরোপ করা হয়েছে।
  • মাছ ও টেলিযোগাযোগ খাতে ভ্যাট ছাড়: মাছ সরবরাহের জোগানদার পর্যায় এবং টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থার রাজস্ব ভাগের ওপর ভ্যাট প্রত্যাহার করা হয়েছে।
  • দেশীয় শিল্পে শুল্ক কমানো: চিংড়ি, ওষুধ, বৈদ্যুতিক তার, পিভিসি, পিইটি রেজিন, পরিশোধিত তামা ও অগ্নিনিরাপত্তা সরঞ্জামসহ বিভিন্ন শিল্পের কাঁচামালের শুল্ক ও কর কমানো বা প্রত্যাহার করা হয়েছে।
  • কম লভ্যাংশে অতিরিক্ত কর: তালিকাভুক্ত কোম্পানি কর-পরবর্তী নিট মুনাফার ৩০ শতাংশের কম লভ্যাংশ দিলে ঘাটতির ওপর ১০ শতাংশ অতিরিক্ত কর দিতে হবে। তবে ব্যাংক, বিমা ও আর্থিক প্রতিষ্ঠান এ বিধানের বাইরে থাকবে।
  • নিরীক্ষিত আর্থিক বিবরণী বাধ্যতামূলক: নির্দিষ্ট মূলধন বা বার্ষিক বিক্রয় থাকা প্রতিষ্ঠান ও ব্যক্তিসংঘকে নিরীক্ষিত আর্থিক বিবরণী দাখিল করতে হবে।

অন্যান্য সিদ্ধান্ত

  • ব্যবসাপ্রতিষ্ঠানের ব্যাংক হিসাব, ঋণ, ট্রেড লাইসেন্স নবায়ন, বিদ্যুৎ-গ্যাস সংযোগ, মার্চেন্ট হিসাব ও প্রতিষ্ঠানের নামে যানবাহন নিবন্ধনে ব্যবসা শনাক্তকরণ নম্বর (বিআইএন) বাধ্যতামূলক করা হয়েছে।
  • বিদেশ থেকে সেবা গ্রহণের ক্ষেত্রে ভ্যাট আদায়ের দায়িত্ব ব্যাংক ও অনুমোদিত বৈদেশিক মুদ্রা লেনদেনকারী প্রতিষ্ঠানের ওপর দেওয়া হয়েছে।
  • প্রতি তিন কর মেয়াদ শেষে একবার রিটার্ন দাখিলের বিধান করা হয়েছে। সরকারি প্রতিষ্ঠান, ব্যাংক ও বিমা কোম্পানির জন্য পৃথক সময়সীমা নির্ধারণ করা হয়েছে।
  • যৌথ উন্নয়ন চুক্তিতে জমির মালিক ডেভেলপারের কাছ থেকে ফ্ল্যাট, নগদ অর্থ বা অন্য সুবিধা পেলে তা মূলধনি প্রাপ্তি হিসেবে গণ্য করে কর আরোপ করা হবে।

ক্যাটাগরি