রাজনীতি

রাজনীতি জনগণের ভাগ্য বদলের মাধ্যম, শুধু ক্ষমতা ভোগের নয়: তথ্যমন্ত্রী

ফাইল ছবি

তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, রাজনীতি কেবল ক্ষমতা ভোগের বিষয় নয়; এটি জনগণের ভাগ্য পরিবর্তনের একটি কার্যকর মাধ্যম। তাই রাজনৈতিক দলগুলোর কর্মকাণ্ডের মধ্য দিয়েই সেই অঙ্গীকারের প্রমাণ দিতে হবে।

শুক্রবার বরিশাল বিশ্ববিদ্যালয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আয়োজিত মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জিয়াউর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত আলোচনা সভা শেষে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বৃক্ষরোপণ করেন তিনি।

মন্ত্রী বলেন, সরকারের পাশাপাশি সামাজিক সংগঠনগুলোকেও জনকল্যাণমূলক কার্যক্রম আরও জোরদার করতে হবে। জনগণের সেবার মাধ্যমে প্রমাণ করতে হবে যে রাজনীতি শুধু ক্ষমতায় যাওয়ার পথ নয়, বরং মানুষের জীবনমান উন্নয়নের একটি দায়িত্বশীল মাধ্যম। তিনি দাবি করেন, প্রধানমন্ত্রী তারেক রহমান সেই দৃষ্টান্ত স্থাপন করেছেন। একই সঙ্গে সমাজকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখতে জিয়াউর রহমান ফাউন্ডেশনের প্রতি আহ্বান জানান তিনি।

প্রধানমন্ত্রীর সম্ভাব্য বরিশাল সফর প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী জানান, সফরের মূল প্রতিপাদ্য থাকবে বৃক্ষরোপণ কর্মসূচি। এ সময় প্রধানমন্ত্রী দক্ষিণাঞ্চলের উন্নয়ন, চলমান প্রকল্প এবং স্থানীয় জনপ্রতিনিধিদের সঙ্গে বিভিন্ন উন্নয়ন পরিকল্পনা নিয়ে মতবিনিময় করবেন বলেও জানান তিনি।

বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. মামুন অর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার এবং বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরাও অংশ নেন।

ক্যাটাগরি