আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল পরিচালনা করবেন স্লোভেনিয়ার রেফারি স্লাভকো ভিনচিচ

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর বহুল প্রতীক্ষিত ফাইনাল পরিচালনার দায়িত্ব পেয়েছেন স্লোভেনিয়ার অভিজ্ঞ রেফারি স্লাভকো ভিনচিচ। আগামী রোববার (১৯ জুলাই) যুক্তরাষ্ট্রের নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনা ও স্পেনের মধ্যকার শিরোপা নির্ধারণী ম্যাচে বাঁশি বাজাবেন ৪৬ বছর বয়সী এই রেফারি।
স্থানীয় সময় বৃহস্পতিবার (১৬ জুলাই) রাতে ফিফা ফাইনালের ম্যাচ কর্মকর্তাদের নাম ঘোষণা করে। ভিনচিচের সহকারী হিসেবে থাকবেন তার স্বদেশি তোমাজ ক্লানচনিক ও আন্দ্রাজ কোভাচিচ। চতুর্থ রেফারি হিসেবে দায়িত্ব পালন করবেন জর্ডানের আধহাম মাখাদমেহ এবং রিজার্ভ সহকারী রেফারি থাকবেন কাতারের মোহাম্মদ আলকালাফ।
২০১০ সালে ফিফার আন্তর্জাতিক রেফারির স্বীকৃতি পাওয়ার পর থেকে ইউরোপ ও আন্তর্জাতিক ফুটবলে নিয়মিত দায়িত্ব পালন করে আসছেন ভিনচিচ। ২০২৪ সালে রিয়াল মাদ্রিদ ও বরুসিয়া ডর্টমুন্ডের মধ্যকার উয়েফা চ্যাম্পিয়নস লিগের ফাইনালও পরিচালনা করেছিলেন তিনি।
বিশ্বকাপে তার অভিষেক হয় ২০২২ কাতার আসরে। এবার ২০২৬ বিশ্বকাপে গ্রুপ পর্বে ব্রাজিল-মরক্কো ও জর্ডান-আলজেরিয়া এবং শেষ ষোলোতে মেক্সিকো-ইকুয়েডর ম্যাচ পরিচালনা করেছেন। আর্জেন্টিনা-স্পেন ফাইনাল হবে তার ক্যারিয়ারের ষষ্ঠ বিশ্বকাপ ম্যাচ এবং চলতি আসরের চতুর্থ।
আর্জেন্টিনার ম্যাচে ভিনচিচকে দেখা গেছে মাত্র একবার। ২০২২ কাতার বিশ্বকাপের গ্রুপ পর্বে সৌদি আরবের বিপক্ষে সেই ম্যাচে আর্জেন্টিনা ২-১ গোলে হেরে ৩৬ ম্যাচের অপরাজিত থাকার রেকর্ড হারায়। ওই ম্যাচে মেসির পেনাল্টি গোলের সিদ্ধান্তও দিয়েছিলেন ভিনচিচ।
অন্যদিকে স্পেনের একাধিক গুরুত্বপূর্ণ ম্যাচও পরিচালনা করেছেন এই স্লোভেনিয়ান রেফারি। এর মধ্যে রয়েছে ২০২০ ইউরোতে স্পেন-সুইডেন ম্যাচ এবং ২০২৩ উয়েফা নেশনস লিগের সেমিফাইনালে স্পেন-ইতালি লড়াই। এছাড়া ২০২৪ ইউরোতে ইতালি ও ফ্রান্সের বিপক্ষে স্পেনের দুটি গুরুত্বপূর্ণ জয়ের ম্যাচেও দায়িত্বে ছিলেন তিনি। বিশেষ করে ফ্রান্সের বিপক্ষে সেমিফাইনালে লামিনে ইয়ামালের দুর্দান্ত গোলের ম্যাচটিও পরিচালনা করেছিলেন ভিনচিচ।



