রাজধানী

উত্তরা‌য় পেট্রোল পাম্পের ১ কোটি ২১ লাখ টাকা ছিনতাই, কর্মচারীকে কুপিয়ে জখম

ছবি: সংগৃহীত

রাজধানীর উত্তরা এলাকায় ব্যাংকে টাকা জমা দিতে যাওয়ার পথে ডিএল পেট্রোল পাম্পের কর্মচারীদের কাছ থেকে ১ কোটি ২১ লাখ ২৫ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এ সময় এক কর্মচারীকে চাপাতি দিয়ে কুপিয়ে জখম করেছে ছিনতাইকারীরা।

সোমবার সকাল সাড়ে ১০টার দিকে বিমানবন্দর সড়কের ক্রাউন প্লাজার সামনে এ ঘটনা ঘটে। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উত্তরা বিভাগের উপকমিশনার তারেক বেগ বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, ডিএল পেট্রোল পাম্পের সহকারী ম্যানেজার মোহাম্মদ আল আমিন, সিএনজি অপারেটর সেলিমুজ্জামান ও কাভার্ডভ্যানচালক খোরশেদ টাকাভর্তি একটি ব্যাগ নিয়ে উত্তরা ১ নম্বর সেক্টরের পূবালী ব্যাংকে যাচ্ছিলেন। পথে তিনটি মোটরসাইকেলে আসা ৬-৭ জন তাদের গাড়ির গতিরোধ করে।

এ সময় ছিনতাইকারীরা পিস্তলের ভয় দেখিয়ে আল আমিনকে চাপাতি দিয়ে কুপিয়ে টাকার ব্যাগটি নিয়ে আব্দুল্লাহপুরের দিকে পালিয়ে যায়। পরে সহকর্মী ও স্থানীয়দের সহায়তায় আহত আল আমিনকে কুয়েত বাংলাদেশ মৈত্রী হাসপাতালে নেওয়া হয়।

এ ঘটনায় পেট্রোল পাম্পের ম্যানেজার আব্দুল করিম অজ্ঞাত ৬-৭ জনকে আসামি করে বিমানবন্দর থানায় মামলা করেছেন।

ম্যানেজার জানান, ডিএল পেট্রোল পাম্পে প্রতিদিন প্রায় ৪৫ থেকে ৫০ লাখ টাকার লেনদেন হয়। প্রতিদিনের বিক্রির টাকা পরদিন সকাল ১০টা থেকে সাড়ে ১০টার মধ্যে ব্যাংকে জমা দেওয়া হয়। শুক্র ও শনিবার ব্যাংক বন্ধ থাকায় ওই দুই দিনের টাকা রোববার একসঙ্গে ব্যাংকে নেওয়া হচ্ছিল।

তদন্তসংশ্লিষ্টরা ধারণা করছেন, প্রতিদিন একই সময়ে টাকা ব্যাংকে নেওয়ার বিষয়টি ছিনতাইকারীরা আগে থেকেই জেনে থাকতে পারে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

সোমবার সন্ধ্যা পর্যন্ত ছিনতাইয়ে জড়িতদের পরিচয় শনাক্ত করতে পারেনি পুলিশ। ছিনতাইকারীদের ব্যবহৃত মোটরসাইকেলের নম্বরও শনাক্ত করা সম্ভব হয়নি।

উত্তরা বিভাগের উপকমিশনার তারেক বেগ বলেন, এ ঘটনায় মামলা হয়েছে এবং পুলিশের একাধিক ইউনিট তদন্তে কাজ করছে। দ্রুত জড়িতদের শনাক্ত করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

ক্যাটাগরি