এয়ারবাসের ১০টি উড়োজাহাজ কিনছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস

ইউরোপীয় উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান এয়ারবাসের কাছ থেকে ১০টি উড়োজাহাজ কেনার চুক্তি করেছে রাষ্ট্রীয় পতাকাবাহী সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইনস। এর মধ্য দিয়ে বোয়িংনির্ভর বিমানের বহরে প্রথমবারের মতো এয়ারবাসের উড়োজাহাজ যুক্ত হওয়ার প্রক্রিয়া শুরু হলো।
বুধবার (৭ অক্টোবর) রাত ৯টা ২৫ মিনিটে রাজধানীর র্যাডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেন হোটেলে বিমান ও এয়ারবাসের মধ্যে এই দ্বিপক্ষীয় চুক্তি স্বাক্ষরিত হয়।
নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন এয়ারবাস ইন্ডিয়া ও দক্ষিণ এশিয়ার প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক জুর্গেন ওয়েস্টারমায়ার এবং বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) কাইজার সোহেল আহমেদ।
চুক্তির আওতায় বিমান বাংলাদেশ এয়ারলাইনস চারটি এ৩৫০-৯০০ এবং ছয়টি এ৩২১নিও মডেলের উড়োজাহাজ সংগ্রহ করবে। চারটি এ৩৫০-৯০০ উড়োজাহাজ দিয়ে দূরপাল্লার আন্তর্জাতিক রুট পরিচালনা করা হবে। অন্যদিকে, আঞ্চলিক ও মাঝারি দূরত্বের রুটের জন্য ব্যবহার করা হবে ছয়টি এ৩২১নিও উড়োজাহাজ। বড় উড়োজাহাজের প্রয়োজন নেই এমন রুটে তুলনামূলক কম ধারণক্ষমতার এ৩২১নিও ব্যবহার করবে সংস্থাটি।
চুক্তি অনুযায়ী, এসব উড়োজাহাজের সরবরাহ ২০৩৩ সাল থেকে শুরু হতে পারে এবং পর্যায়ক্রমে ২০৩৬ বা ২০৩৭ সাল পর্যন্ত বিমানের বহরে যুক্ত হবে। তবে ১০টি উড়োজাহাজ কেনার মোট বাণিজ্যিক মূল্য এখনো প্রকাশ করা হয়নি।
বর্তমানে বিমানের বহরে থাকা অধিকাংশ জেট উড়োজাহাজই যুক্তরাষ্ট্রের বোয়িং কোম্পানির তৈরি। নতুন ১০টি এয়ারবাস যুক্ত হলে বোয়িং ও এয়ারবাস দুই শীর্ষ নির্মাতার উড়োজাহাজ দিয়েই বহর পরিচালনা করবে বিমান।
চুক্তি সই অনুষ্ঠানে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হুমায়ুন কবির, ইনভেস্ট বাংলাদেশের নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী এবং এয়ারবাসের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ফিনান্সিয়াল বার্তা/এইচ



