বিনোদন

কেন ভেঙেছিল ইমরান-অবন্তিকার সংসার, এত দিন পর জানালেন অভিনেতার সাবেক স্ত্রী

ছবি: সংগৃহীত

দীর্ঘ ১৮ বছরের সম্পর্কের পর বলিউড অভিনেতা ইমরান খান ও অবন্তিকা মালিকের দাম্পত্যে ভাঙন ধরে। ২০১৯ সালে আলাদা থাকতে শুরু করেন তাঁরা। এত দিন বিচ্ছেদ নিয়ে খুব বেশি কথা না বললেও এবার সম্পর্ক ভাঙার কারণ ও সেই সময়ের অভিজ্ঞতা তুলে ধরেছেন অবন্তিকা। তাঁর দাবি, প্রথমে আলাদা থাকার সিদ্ধান্ত নিয়েছিলেন ইমরানই।

সম্প্রতি অভিনেত্রী সোহা আলি খানের চ্যাট শোয়ে হাজির হয়ে ইমরানের সঙ্গে সম্পর্কের নানা দিক নিয়ে কথা বলেন অবন্তিকা। সেখানে তিনি বলেন, ‘আমি কখনো এই সিদ্ধান্ত নিতাম না।’

অবন্তিকার ভাষ্য অনুযায়ী, প্রথমে কিছুদিনের জন্য আলাদা থাকার প্রস্তাব দিয়েছিলেন ইমরান। প্রায় ছয় মাস পর দুজনের পারস্পরিক সম্মতিতে বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত নেন তাঁরা।

অবন্তিকা জানিয়েছেন, তাঁদের বিচ্ছেদের পেছনে নির্দিষ্ট কোনো বড় ঘটনা ছিল না। খুব অল্প বয়স থেকেই একসঙ্গে ছিলেন তাঁরা। দীর্ঘ সময়ের এই সম্পর্কে জীবনের নানা পরিবর্তনের মধ্য দিয়ে যেতে হয়েছে দুজনকে। সময়ের সঙ্গে বদলেছে তাঁদের ব্যক্তিত্ব, চিন্তাভাবনা ও প্রত্যাশা।

পেছন ফিরে তাকিয়ে অবন্তিকার মনে হয়েছে, সম্পর্কের কোনো এক পর্যায়ে তাঁরা একে অপরের প্রতি যথাযথ সুবিচার করতে পারেননি। ছোট ছোট সমস্যা জমতে জমতেই দুজনের মধ্যে দূরত্ব তৈরি হয়েছিল।

সম্পর্কে প্রত্যাশার বিষয়টি নিয়েও নিজের উপলব্ধির কথা জানিয়েছেন তিনি। অবন্তিকার মতে, কম বয়সে অনেকেই মনে করেন, তাঁদের সুখী রাখার দায়িত্ব সঙ্গীর। কিন্তু নিজের ভালো থাকার দায়িত্ব যে নিজেরই, তা বুঝতে সময় লাগে। সঙ্গীর কাছে অবাস্তব প্রত্যাশা তৈরি হলে অজান্তেই সম্পর্ক ক্ষতিগ্রস্ত হতে পারে।

অবন্তিকা জানান, সম্পর্ক টিকিয়ে রাখতে দুজনেই যথাসাধ্য চেষ্টা করেছিলেন। এমন সময়ও এসেছে, যখন একসঙ্গে থাকা সম্ভব কি না, তা নিয়ে প্রশ্ন উঠেছে। তারপরও তাঁরা বারবার নতুন করে চেষ্টা করতে চেয়েছিলেন।

কিন্তু সব চেষ্টা সত্ত্বেও সম্পর্ককে আগের অবস্থায় ফিরিয়ে নেওয়া সম্ভব হয়নি। শেষ পর্যন্ত আলাদা হওয়ার সিদ্ধান্ত মেনে নিতে হয় তাঁদের।

বিচ্ছেদের শুরুর সময়টা তাঁর জন্য অত্যন্ত কঠিন ছিল বলেও জানিয়েছেন অবন্তিকা। তাঁর মনে হয়েছিল, নিজের ভবিষ্যৎ নিয়ে এত দিন ধরে যে স্বপ্ন ও পরিকল্পনা করেছিলেন, তা যেন এক মুহূর্তেই বদলে গেছে। জীবনের সবচেয়ে কাছের সম্পর্কের সমাপ্তি মেনে নেওয়া সহজ ছিল না।

অতীতের দিকে ফিরে তাকিয়ে নিজের ১৯ বছর বয়সের সত্তাকে কোনো পরামর্শ দেওয়ার সুযোগ পেলে আগে নিজের জীবন গুছিয়ে নেওয়ার কথা বলতেন অবন্তিকা।

তাঁর মতে, প্রেম, বিয়ে ও সন্তান—জীবনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে নিজের পায়ে দাঁড়ানো এবং আত্মবিশ্বাসী হয়ে ওঠার জন্য সময় দেওয়া জরুরি। নিজের পরিচয় ও চাহিদা সম্পর্কে স্পষ্ট ধারণা থাকলে সম্পর্কের প্রত্যাশা নিয়েও বাস্তবসম্মত হওয়া সম্ভব।

দীর্ঘদিন প্রেমের সম্পর্কে থাকার পর ২০১১ সালে বিয়ে করেছিলেন ইমরান খান ও অবন্তিকা মালিক। তাঁদের একটি কন্যাসন্তান রয়েছে। দীর্ঘদিন পর অবন্তিকার এই বক্তব্যের মধ্য দিয়ে আবারও আলোচনায় এসেছে বলিউডের এই অভিনেতার ব্যক্তিগত জীবন ও তাঁদের দাম্পত্য বিচ্ছেদের ঘটনা।

সূত্র: দ্য ওয়াল

ক্যাটাগরি