গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ৯৫০ কোটি টাকায় এলএনজি আমদানির অনুমোদন

দেশের গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে আন্তর্জাতিক কোটেশন সংগ্রহ পদ্ধতিতে এক কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানির অনুমোদন দিয়েছে সরকার। এ জন্য ব্যয় হবে প্রায় ৯৪৯ কোটি ৪৩ লাখ টাকা।
বৃহস্পতিবার (৩০ জুলাই) সচিবালয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ-সংক্রান্ত প্রস্তাব অনুমোদন করা হয়।
জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের প্রস্তাব অনুযায়ী, পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা, ২০২৫-এর আওতায় আন্তর্জাতিক কোটেশন সংগ্রহ পদ্ধতিতে আগামী ১৫-১৬ আগস্ট সরবরাহের জন্য ৪২তম এলএনজি কার্গো কেনা হবে।
এ লক্ষ্যে সর্বনিম্ন দরদাতা হিসেবে সিঙ্গাপুরভিত্তিক ভিটল এশিয়া প্রাইভেট লিমিটেডকে নির্বাচিত করা হয়েছে। প্রতিষ্ঠানটির কাছ থেকে প্রতি এমএমবিটিইউ এলএনজি ২২ দশমিক ৩৫ মার্কিন ডলার দরে কেনা হবে।
সরকার জানিয়েছে, এলএনজি আমদানিতে মোট ব্যয় হবে ৯৪৯ কোটি ৪৩ লাখ ১২ হাজার ১৮৪ টাকা, যার মধ্যে অগ্রিম আয়করও অন্তর্ভুক্ত রয়েছে।
সরকারের ভাষ্য, দেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা পূরণ এবং শিল্প, বিদ্যুৎ ও আবাসিক খাতে গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে এই এলএনজি আমদানির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।




