জট পাকানো তার ও সরু গলিতে বাধা, চকবাজারে আগুন নিয়ন্ত্রণে ৯ ইউনিট

রাজধানীর পুরান ঢাকার চকবাজারে একটি সাততলা ভবনে লাগা আগুন ফায়ার সার্ভিসের ৯টি ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে। তবে সরু গলি, ভবনসংলগ্ন বিদ্যুতের খুঁটি ও চারপাশে জট পাকানো তারের কারণে আগুনের উৎসে পানি পৌঁছাতে বেগ পেতে হয় ফায়ার সার্ভিস কর্মীদের।
সোমবার (১২ অক্টোবর) বিকেল ৫টার পর অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে কাজ শুরু করে ফায়ার সার্ভিস। রাত ১০টা পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, ৯টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।
স্থানীয় বাসিন্দারা জানান, এলাকার সড়ক সরু হওয়ায় ফায়ার সার্ভিসের গাড়ি ঘটনাস্থলে প্রবেশ করতে বেশ বেগ পায়। পাশের ভবনটি আগুন লাগা ভবনের সঙ্গে লাগোয়া হওয়ায় আগুনের শিখা বাইরে ছড়িয়ে পড়ে। এ ছাড়া বিদ্যুৎ ও ওয়াই-ফাইয়ের তার জট পাকানো থাকায় আগুনের উৎসে পানি পৌঁছাতে দেরি হয়। ঘটনাস্থলে উৎসুক মানুষের ভিড়ও ছিল।
অগ্নিকাণ্ডের পর আশপাশের সব মার্কেট বন্ধ করে দেওয়া হয়। পাশের ভবনের ছাদে আশ্রয় নেন সেখানে কর্মরত কয়েকজন। পরে তাঁদের উদ্ধার করা হয় বলে স্থানীয় বাসিন্দারা জানান।
মার্কেটে কর্মরত এক ব্যক্তি জানান, সেখানে চা পান ও ধূমপানের জন্য দোকান রয়েছে। এসব দোকানের কোনো একটি থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে তিনি ধারণা করছেন। তবে আগুন লাগার প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।
ওই ব্যক্তি জানান, মার্কেটটিতে ব্যাগ ও ছাতার বেচাকেনা বেশি হয়।
ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ বলেন, আগুন নিয়ন্ত্রণে আনতে ৯টি ইউনিট কাজ করেছে। ভবনের ভেতরে তেমন আগুন না থাকলেও প্রচণ্ড ধোঁয়া ছিল। সরু রাস্তার কারণে আগুন নেভাতে বেশ বেগ পেতে হয়েছে। এখন পর্যন্ত ভেতরে কেউ আটকে থাকার খবর পাওয়া যায়নি।
অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি।



