অর্থনীতি

জরিমানা ছাড়াই ভ্যাট রিটার্ন জমার সময় বাড়াল এনবিআর

ছবি- সংগৃহীত

সার্ভার জটিলতা ও অতিরিক্ত ব্যবহারকারীর চাপের কারণে অক্টোবর মাসের অনলাইন ভ্যাট রিটার্ন দাখিলের সময়সীমা বাড়িয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, কোনো ধরনের সুদ ও জরিমানা ছাড়াই আগামী ২২ নভেম্বর পর্যন্ত অক্টোবরের ভ্যাট রিটার্ন জমা দিতে পারবেন করদাতারা।

সোমবার (১৬ নভেম্বর) এনবিআরের দ্বিতীয় সচিব শেখ মোহা. মাসদুর রহমানের সই করা এক চিঠিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।

এনবিআরের চিঠিতে বলা হয়, গত ১৫ নভেম্বর ই-ভ্যাট সিস্টেমে একসঙ্গে বিপুলসংখ্যক ব্যবহারকারী প্রবেশ করায় সার্ভারে জটিলতা দেখা দেয়। এতে নির্ধারিত সময়ের মধ্যে অক্টোবর মাসের অনলাইন ভ্যাট রিটার্ন দাখিল করতে গিয়ে সমস্যায় পড়েন অনেক করদাতা।

করদাতাদের এ ভোগান্তি ও অসুবিধার বিষয়টি বিবেচনায় নিয়ে জরিমানা ছাড়াই রিটার্ন দাখিলের সময়সীমা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলে আগামী ২২ নভেম্বর পর্যন্ত কোনো ধরনের সুদ বা জরিমানা ছাড়াই অক্টোবর মাসের ভ্যাট রিটার্ন জমা দেওয়া যাবে।

এনবিআরের এ সিদ্ধান্তের ফলে নির্ধারিত সময়ে সার্ভার সমস্যার কারণে রিটার্ন জমা দিতে না পারা করদাতারা অতিরিক্ত সময় পাবেন।

ক্যাটাগরি