জাতীয়

জরুরি চাহিদা মেটাতে দরপত্র ছাড়াই আরও ১৮ কার্গো এলএনজি কিনবে সরকার

সংগৃহীত ছবি

পশ্চিম এশিয়ার চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে আমদানি করা গ্যাসের সরবরাহ ও মজুদে চাপ তৈরি হওয়ায় জরুরি চাহিদা মেটাতে রপত্র ছাড়াই আরও ১৮ কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

বুধবার (৯ সেপ্টেম্বর) সরকারের অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ প্রস্তাবে নীতিগত অনুমোদন দেওয়া হয়।

অর্থ মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, জরুরি প্রয়োজন বিবেচনায় সরাসরি এলএনজি কেনার অনুমোদন দেওয়া হয়েছে। পাশাপাশি প্রয়োজন হলে সরকার ও টোটাল এনার্জিসের সম্মতিতে অতিরিক্ত কার্গো এলএনজি কেনারও নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে।

দরপত্র ছাড়া সরাসরি এলএনজি কেনার ক্ষেত্রে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির নীতিগত অনুমোদন প্রয়োজন হয়। বর্তমান পরিস্থিতিতে গ্যাসের সরবরাহ স্বাভাবিক রাখতে সরকার ধারাবাহিকভাবে এ ধরনের জরুরি আমদানির সিদ্ধান্ত নিচ্ছে।

এর আগে গত আগস্টে দুই দফায় ২২ কার্গো এলএনজি দরপত্র ছাড়াই আমদানির সিদ্ধান্ত নেওয়া হয়। গত ১৯ আগস্ট সাতটি কোম্পানি থেকে দুটি করে মোট ১৪ কার্গো এলএনজি কেনার অনুমোদন দেওয়া হয়েছিল। এর আগে ৬ আগস্ট আরও ৮ কার্গো এলএনজি আমদানির সিদ্ধান্ত হয়।

এলএনজির পাশাপাশি গত ৬ আগস্ট দেশের আপৎকালীন চাহিদা পূরণ ও বাজার স্থিতিশীল রাখতে ৫ হাজার টন এলপিজি আমদানির সিদ্ধান্তও নেওয়া হয়েছিল।

ক্যাটাগরি