জাতীয়

জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হিসেবে শপথ নিলেন খলিলুর রহমান

ছবি: সংগৃহীত

জাতিসংঘের সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশন আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। অধিবেশনের সভাপতি হিসেবে শপথ নিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।

মঙ্গলবার বাংলাদেশ সময় রাত ৯টা ৫ মিনিটের দিকে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরের সাধারণ পরিষদ হলে শপথ গ্রহণ অনুষ্ঠান শুরু হয়। জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের বক্তব্যের পর অধিবেশনের সভাপতি হিসেবে শপথ নেন খলিলুর রহমান।

শপথ গ্রহণের পর তিনি সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের প্রথম প্ল্যানারি সভা পরিচালনা করেন। আগামী ২২ সেপ্টেম্বর রাষ্ট্র ও সরকারপ্রধানদের ভাষণের মধ্য দিয়ে শুরু হবে অধিবেশনের উচ্চপর্যায়ের সাধারণ বিতর্ক।

এর আগে গত ২ জুন জাতিসংঘের সদস্যরাষ্ট্রগুলোর প্রতিনিধিদের ভোটে সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হন খলিলুর রহমান। গোপন ব্যালটে অনুষ্ঠিত ওই নির্বাচনে তিনি সাইপ্রাসের পররাষ্ট্রমন্ত্রীর বিশেষ দূত আন্দ্রেয়াস এস কাকোরিসকে আট ভোটের ব্যবধানে পরাজিত করেন।

এর মধ্য দিয়ে প্রায় চার দশক পর আবারও কোনো বাংলাদেশি জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব পেলেন। এর আগে ১৯৮৬ সালে ইউএনজিএর ৪১তম অধিবেশনে সভাপতির দায়িত্ব পালন করেছিলেন বাংলাদেশের সাবেক পররাষ্ট্রসচিব ও রাজনীতিবিদ হুমায়ুন রশিদ চৌধুরী।

ক্যাটাগরি