জুলাই শহীদ দিবসে প্রধানমন্ত্রী: শহীদদের রক্ত বৃথা যাবে না, গণতন্ত্র প্রতিষ্ঠায় সরকার অঙ্গীকারবদ্ধ

‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা, শোক ও কৃতজ্ঞতা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, “শহীদদের রক্ত কখনো বৃথা যেতে পারে না। জুলাই গণঅভ্যুত্থানের অমর চেতনা আমাদের জন্য শুধু ইতিহাসের গৌরব নয়, এটি ভবিষ্যৎ নির্মাণের প্রেরণা।”
বুধবার (১৫ জুলাই) প্রধানমন্ত্রীর কার্যালয়ের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক বার্তায় তিনি শহীদদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং দেশে সর্বক্ষেত্রে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
প্রধানমন্ত্রী বলেন, ১৬ জুলাই বাংলাদেশের জাতীয় ইতিহাসের এক অবিস্মরণীয় দিন। ২০২৪ সালের এই দিনে রংপুরে পুলিশের গুলিতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ এবং চট্টগ্রামে কলেজশিক্ষার্থী মোহাম্মদ ওয়াসিম আকরামসহ অন্তত ছয়জন প্রাণ হারান। বিশেষ করে আবু সাঈদের বুক চিতিয়ে দাঁড়িয়ে থাকার দৃশ্য অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধের প্রতীক হয়ে ওঠে এবং পরবর্তী গণঅভ্যুত্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
তিনি বলেন, জুলাইয়ের গণঅভ্যুত্থান ছিল দীর্ঘদিনের দমন-পীড়ন, দুর্নীতি, গুম, খুন, ভোটাধিকার হরণ ও স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে জনগণের ঐক্যবদ্ধ আন্দোলন। সেই আত্মত্যাগের ধারাবাহিকতায় দেশ গণতন্ত্রের পথে নতুন যাত্রা শুরু করেছে।
প্রধানমন্ত্রী আরও বলেন, রাষ্ট্র ও সমাজে মানুষের অধিকার প্রতিষ্ঠায় যারা জীবন উৎসর্গ করেছেন, তাদের আত্মত্যাগের মর্যাদা রক্ষায় সরকার দৃঢ়প্রতিজ্ঞ। সকল নাগরিকের জন্য নিরাপদ, মানবিক, স্বনির্ভর ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তোলার মাধ্যমেই শহীদদের রক্তের ঋণ পরিশোধের চেষ্টা করা হবে।
বার্তার শেষে তিনি সকল শহীদের রুহের মাগফিরাত কামনা করেন এবং জুলাই গণঅভ্যুত্থানে আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন।




