থার্ড টার্মিনাল পরিচালনায় জাপানি কনসোর্টিয়ামের শর্ত অনুমোদন বেবিচকের

বহুল আলোচিত হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল পরিচালনায় জাপানি কনসোর্টিয়ামের দেওয়া শর্তাবলি অনুমোদন করেছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। মঙ্গলবার (১১ নভেম্বর) বেবিচকের পরিচালনা পর্ষদের সভায় বিস্তারিত পর্যালোচনার পর এসব শর্ত অনুমোদন দেওয়া হয়। চূড়ান্ত অনুমোদনের জন্য শর্তগুলো বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে পাঠানো হবে।
বেবিচকের নির্ভরযোগ্য সূত্র এ তথ্য জানিয়েছে। সূত্রের তথ্য অনুযায়ী, জাপানি কনসোর্টিয়ামের প্রস্তাবিত শর্তগুলোর মধ্যে চারটি বিষয় নিয়ে দুই পক্ষের মতবিরোধ তৈরি হয়েছিল। পরে সরকারের অনুমোদনের পর বেবিচকের পরিচালনা পর্ষদে সেগুলো অনুমোদন দেওয়া হয়।
শর্তগুলোর প্রথমটি হলো, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সকে গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের সার্বিক দায়দায়িত্ব ও ঝুঁকি বহন করতে হবে। অর্থাৎ বিমানবন্দর পরিচালনার দায়িত্ব বিদেশি অংশীদারদের হাতে থাকলেও গ্রাউন্ড হ্যান্ডলিং কার্যক্রমের দায়িত্ব ও সংশ্লিষ্ট ঝুঁকি বহন করতে হবে রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান সংস্থাকে। এ ক্ষেত্রে গ্রাউন্ড হ্যান্ডলিং থেকে আয়ের অংশ বিমান পাবে কি না, সে নিশ্চয়তাও সরকারকে দিতে হবে।
দ্বিতীয় বিষয়টি রাজস্ব ভাগাভাগি নিয়ে। পূর্বনির্ধারিত চুক্তি অনুযায়ী, বিদেশি পক্ষ বাংলাদেশকে ২৭ শতাংশ রাজস্ব দেওয়ার কথা ছিল। তবে অপারেশনাল প্রস্তুতি পর্বের নির্দিষ্ট সময়, অর্থাৎ আট মাসের অপারেশনাল প্রিপারেশন অ্যান্ড ট্রেনিং (ওপিসিটি) চলাকালে তারা সাড়ে ১৩ শতাংশ রাজস্ব দেওয়ার প্রস্তাব করেছে। ফলে ওই সময়ে নির্ধারিত হারের তুলনায় রাজস্বের অংশ কমে যাওয়ার বিষয়টি আলোচনায় আসে।
তৃতীয় বিষয়টি আইনি সুরক্ষা ও বাংলাদেশের আইন প্রয়োগসংক্রান্ত। জাপানি পক্ষ বিশেষ আইনি সুবিধা ও দায়মুক্তি চেয়েছে। অন্যদিকে বাংলাদেশের অবস্থান হলো, সরকার বিদেশি বিনিয়োগকারী বা আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলোর জন্য সাধারণ কোনো আইন প্রণয়ন কিংবা বিদ্যমান আইন পরিবর্তন করলে তা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ক্ষেত্রেও প্রযোজ্য হবে। অর্থাৎ দেশের সাধারণ আইনি কাঠামোর বাইরে কোনো প্রতিষ্ঠানকে বিশেষ সুবিধা দেওয়ার বিষয়ে সরকার একমত নয় বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
তবে জাপানি পক্ষের অবস্থান, বাংলাদেশের সাধারণ আইনি পরিবর্তন তাদের ওপর প্রয়োগ করা যাবে না। এ ক্ষেত্রে তাদের বিশেষ আইনি সুরক্ষা, দায়মুক্তি বা ছাড় দিতে হবে।
চতুর্থ বিষয়টি থার্ড টার্মিনাল প্রকল্পের ত্রুটি সংশোধনসংক্রান্ত। প্রকল্পের ত্রুটি শনাক্ত ও তা জানানোর জন্য নির্ধারিত সময়সীমা বা ডিফেক্ট লায়াবিলিটি পিরিয়ড (ডিএলপি) ১২ মাস রাখার শর্ত দেওয়া হয়েছে। বেবিচকের আপত্তি থাকা সত্ত্বেও জাপানি পক্ষের প্রস্তাবিত এ শর্ত সরকার অনুমোদন করেছে বলে জানা গেছে।
এ ছাড়া শাহজালাল বিমানবন্দরের ১০০ কিলোমিটারের মধ্যে আগামী ১৫ বছর কোনো প্রতিযোগী বেসামরিক বিমানবন্দরের বাণিজ্যিক কার্যক্রম চালু না করার শর্তেও সম্মত হয়েছে বেবিচক।
নাম প্রকাশ না করার শর্তে বেবিচকের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, সরকারের পক্ষ থেকে চারটি চুক্তিগত শর্ত অনুমোদনের পর মঙ্গলবারের বোর্ড সভায় সেগুলো অনুমোদন দিয়ে মন্ত্রণালয়ে পাঠানোর সিদ্ধান্ত হয়েছে। এরপর পূর্ণাঙ্গ চুক্তি সম্পাদন করা হবে। দ্রুত সময়ের মধ্যে চুক্তি সম্পন্ন হবে বলে আশা প্রকাশ করেন তিনি।



