দুর্গাপূজায় টানা ৫ দিনের ছুটি, বেসরকারি চাকরিজীবীরা পাবেন কয়দিন?

দোরগোড়ায় শারদীয় দুর্গাপূজা। সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব উপলক্ষে এবার সরকারি চাকরিজীবীদের জন্য টানা পাঁচ দিনের ছুটির সুযোগ তৈরি হয়েছে। দুর্গাপূজার ছুটির সঙ্গে সাপ্তাহিক ছুটি মিলিয়ে ২০ অক্টোবর থেকে ২৪ অক্টোবর পর্যন্ত এই ছুটি হবে।
তবে বেসরকারি চাকরিজীবীদের ক্ষেত্রে টানা পাঁচ দিনের ছুটি প্রযোজ্য হবে কি না, তা নিয়ে প্রশ্ন রয়েছে। কারণ ২৪ অক্টোবর শনিবার সাপ্তাহিক ছুটি হলেও অনেক বেসরকারি প্রতিষ্ঠানে শনিবার কর্মদিবস হিসেবে গণ্য হয়।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট একজন কর্মকর্তা জানিয়েছেন, দুর্গাপূজা উপলক্ষে ২২ অক্টোবর বৃহস্পতিবার নির্বাহী আদেশে একদিনের সরকারি ছুটি ঘোষণার প্রস্তাব প্রস্তুত করা হচ্ছে। মন্ত্রিসভায় নীতিগত অনুমোদনের পর এ বিষয়ে চূড়ান্ত প্রজ্ঞাপন জারি করা হবে।
প্রস্তাব অনুযায়ী, ২০ অক্টোবর মঙ্গলবার মহানবমী উপলক্ষে নির্বাহী আদেশে ছুটি এবং ২১ অক্টোবর বুধবার বিজয়া দশমীতে সাধারণ ছুটি রয়েছে। এর সঙ্গে ২২ অক্টোবর বৃহস্পতিবার নতুন করে একদিনের ছুটি যুক্ত হবে। এরপর ২৩ ও ২৪ অক্টোবর শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি।
ফলে সরকারি চাকরিজীবীরা ২০ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত টানা পাঁচ দিনের ছুটি পাবেন।
সংশ্লিষ্ট কর্মকর্তার ভাষ্য অনুযায়ী, দুর্গাপূজার ছুটিতে সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত এবং বেসরকারি অফিস বন্ধ থাকবে। তবে বেসরকারি প্রতিষ্ঠানের কর্মীদের সাপ্তাহিক ছুটির নিয়ম প্রতিষ্ঠানভেদে ভিন্ন হতে পারে।
যেসব বেসরকারি প্রতিষ্ঠানে শনিবার কর্মদিবস, সেখানে ২৪ অক্টোবর অফিস খোলা থাকতে পারে। সে ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্মীরা ২০ থেকে ২৩ অক্টোবর পর্যন্ত চার দিনের ছুটি পাবেন। আর যেসব প্রতিষ্ঠানে শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি, সেসব প্রতিষ্ঠানে সরকারি চাকরিজীবীদের মতো টানা পাঁচ দিনের ছুটি পাওয়ার সুযোগ থাকবে।
দুর্গাপূজার ছুটিতে জরুরি পরিষেবা চালু থাকবে। হাসপাতাল, চিকিৎসাসেবায় নিয়োজিত চিকিৎসক ও কর্মী এবং জরুরি সেবার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরাও ছুটির আওতার বাইরে থাকবেন।
তবে ২২ অক্টোবরের নির্বাহী আদেশে ছুটির বিষয়ে চূড়ান্ত প্রজ্ঞাপন জারি হওয়ার পর সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে ছুটির বিষয়টি আরও স্পষ্ট হবে।
ফিনান্সিয়াল বার্তা/ এইচ



