পুঁজিবাজারে আস্থা ফেরাতে ১৭ দফা কর্মসূচি, সংসদে প্রধানমন্ত্রীর ঘোষণা

পুঁজিবাজারে বিনিয়োগকারীদের আস্থা পুনরুদ্ধারে সরকার বদ্ধপরিকর বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (৮ জুলাই) জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে তিনি জানান, সুশাসন, স্বচ্ছতা, জবাবদিহিতা নিশ্চিত করে একটি উন্নত ও টেকসই পুঁজিবাজার গড়ে তুলতে সরকার ১৭ দফা অগ্রাধিকার কর্মসূচি বাস্তবায়ন করছে।
প্রধানমন্ত্রী বলেন, ইতোমধ্যে দক্ষ চেয়ারম্যান ও কমিশনার নিয়োগ, ফ্লোর প্রাইস প্রত্যাহার, সরকারি ও বড় কোম্পানিকে শেয়ারবাজারে তালিকাভুক্ত করতে উৎসাহ, বিদেশি বিনিয়োগ সহজীকরণ, কর-সুবিধা, ডিজিটাল বিও হিসাব, ব্লকচেইন প্রযুক্তি এবং এআইভিত্তিক নজরদারিসহ বিভিন্ন সংস্কার উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি আরও জানান, অতীতের শেয়ারবাজার কেলেঙ্কারির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে তদন্ত ও আইনগত ব্যবস্থা চলছে। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ইতোমধ্যে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে ১ হাজার ৪৯৭ কোটি টাকা জরিমানা করেছে। একই সঙ্গে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জকে আরও শক্তিশালী করার উদ্যোগও নেওয়া হবে বলে জানান প্রধানমন্ত্রী।




