বাংলাদেশের সঙ্গে গঠনমূলক ও ভবিষ্যৎমুখী সম্পর্ক চায় ভারত: রণধীর জয়সোয়াল

বাংলাদেশের সঙ্গে ইতিবাচক, গঠনমূলক ও ভবিষ্যৎমুখী সম্পর্ক গড়ে তুলতে ভারত আগ্রহী বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল। মঙ্গলবার নয়াদিল্লিতে মন্ত্রণালয়ের নিয়মিত ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে জানতে চাইলে জয়সোয়াল এ বিষয়ে নির্দিষ্ট কোনো তথ্য দেননি। তবে দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে ভারতের অবস্থান তুলে ধরে তিনি বলেন, দুই দেশের সম্পর্ক পারস্পরিক স্বার্থের ভিত্তিতে এগিয়ে নিতে চায় ভারত।
বাংলাদেশের পক্ষ থেকে শেখ হাসিনা ও অন্যান্য পলাতক ব্যক্তিকে প্রত্যর্পণের বিষয়ে শর্ত আরোপের প্রসঙ্গে জয়সোয়াল বলেন, এ বিষয়ে ভারতের অবস্থানে নতুন কিছু নেই। বাংলাদেশের অনুরোধ দেশটির বিদ্যমান প্রক্রিয়া অনুযায়ী পর্যালোচনা করা হচ্ছে।
বাংলাদেশের অতিরিক্ত জ্বালানি চাহিদা নিয়েও প্রশ্নের জবাব দেন ভারতের এই মুখপাত্র। তিনি বলেন, ভারতের নিজস্ব জ্বালানি মজুত, শোধনাগারের সক্ষমতা ও দেশের অভ্যন্তরীণ চাহিদা বিবেচনা করে বাংলাদেশকে অতিরিক্ত জ্বালানি দেওয়া সম্ভব কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
বাংলাদেশে স্থবির হয়ে থাকা ভারতীয় উন্নয়ন প্রকল্পের কাজ পুনরায় শুরু করার বিষয়ে জানতে চাইলে তিনি সরাসরি কোনো মন্তব্য না করে বলেন, দুই দেশের মধ্যে ইতিবাচক ও গঠনমূলক সম্পর্ক বজায় রাখার বিষয়ে ভারত প্রতিশ্রুতিবদ্ধ।
এদিকে বাংলাদেশে সন্ত্রাসী সংগঠনের সম্ভাব্য তৎপরতা নিয়ে জাতিসংঘের সাম্প্রতিক প্রতিবেদনের প্রসঙ্গেও কথা বলেন জয়সোয়াল। তিনি বলেন, সন্ত্রাসবাদ ও নিরাপত্তা দুই দেশের জন্যই উদ্বেগের বিষয় এবং এ ধরনের হুমকি মোকাবিলায় পারস্পরিক সহযোগিতার ওপর জোর দেওয়া প্রয়োজন।
তিস্তার পানিবণ্টন ও প্রকল্পে চীনের আগ্রহ নিয়েও প্রশ্ন করা হলে জয়সোয়াল বিস্তারিত কিছু জানাননি। তিনি অভিন্ন নদীগুলোর পানিবণ্টন ইস্যুতে বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান দ্বিপক্ষীয় ব্যবস্থার গুরুত্ব তুলে ধরেন।
ফিনান্সিয়াল বার্তা/এইচ




