জাতীয়

বিএনপি সরকারের মন্ত্রিসভায় রদবদল, শপথ নিলেন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রী

বিএনপি সরকারের মন্ত্রিসভায় রদবদল হয়েছে। শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যায় বঙ্গভবনের দরবার হলে আয়োজিত অনুষ্ঠানে নতুন করে চারজন মন্ত্রী ও দুইজন প্রতিমন্ত্রী শপথ নিয়েছেন। তাদের শপথবাক্য পাঠ করান সদ্য শপথ নেওয়া রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

নতুন চার মন্ত্রী হলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ আসনের সংসদ সদস্য ড. আবদুল মঈন খান, বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও ভোলা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, বান্দরবানের সংসদ সদস্য সাচিং প্রু জেরী এবং জামালপুর-১ আসনের সংসদ সদস্য ও সাবেক বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত।

অন্যদিকে নতুন দুই প্রতিমন্ত্রী হলেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এবং গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার লিংকন। হুমায়ুন কবির টেকনোক্র্যাট কোটায় প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন।

এর আগে একই অনুষ্ঠানে বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তাকে শপথবাক্য পাঠ করান জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

রাষ্ট্রপতির শপথগ্রহণের পরপরই নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীদের শপথ অনুষ্ঠিত হয়। মন্ত্রিসভায় নতুন সদস্যদের অন্তর্ভুক্তির মধ্য দিয়ে সরকারের ছয় মাসের মাথায় মন্ত্রিসভায় বড় ধরনের রদবদল হলো।

ফিনান্সিয়াল বার্তা/এইচ

ক্যাটাগরি