রাজধানী

মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিয়ারে ফাটল: সংসদে মন্ত্রী

ছবি: সংগৃহীত

রাজধানীর উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেল রুটে ত্রুটিপূর্ণ ৭৩০টি বিয়ারিং প্যাডের মধ্যে ১৪৭টিকে মাইনর এবং ২৭টিকে ক্রিটিক্যাল হিসেবে চিহ্নিত করা হয়েছে। একই সঙ্গে মেট্রোরেলের ৪৬টি পিয়ারে বিভিন্ন মাত্রায় ফাটল পাওয়া গেছে।

বুধবার (৯ সেপ্টেম্বর) জাতীয় সংসদে তারকা চিহ্নিত প্রশ্নের জবাবে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম এসব তথ্য জানান।

মন্ত্রী বলেন, ২৯৭টি বিয়ারিং প্যাডের ত্রুটি মূলত স্থাপনকাজের ওয়ার্কম্যানশিপ-সংক্রান্ত। মেট্রোরেলের ঝুঁকি নিরূপণ ও মেরামতের কৌশল নির্ধারণে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়কে (বুয়েট) স্ট্রাকচারাল কনসালট্যান্ট হিসেবে নিয়োগ দেওয়া হচ্ছে।

সেফটি অডিটের সুপারিশ বাস্তবায়নে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) ১৬ জুলাই ‘সেফটি অডিট রিপোর্টের সুপারিশ বাস্তবায়ন কমিটি’ গঠন করেছে। ইতোমধ্যে ঝুঁকিপূর্ণ ১০টি স্থানে স্টিল ব্র্যাকেট বসানো হয়েছে এবং ২৭টি বিয়ারিং প্যাডের সেটেলমেন্ট পরিমাপের জন্য মার্কার স্থাপন করা হয়েছে।

এ ছাড়া ২৭টি বিয়ারিং প্যাড প্রতিস্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী ৩০ নভেম্বরের মধ্যে এসব প্যাড প্রতিস্থাপনের লক্ষ্যমাত্রা রয়েছে। স্থাপনার ফাটল পর্যবেক্ষণে ১০২টি স্থানে স্ট্রাকচারাল ক্র্যাক গেজ বসানোর কাজও চলছে, যা ৩১ অক্টোবরের মধ্যে শেষ করার পরিকল্পনা রয়েছে।

ক্যাটাগরি