রাজনীতি

যেকোনো মূল্যে গণতান্ত্রিক অধিকার রক্ষা করতে হবে: প্রধানমন্ত্রী

ছবি: সংগৃহীত

জাতীয় সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক অধিকার রক্ষায় দেশবাসীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, যেকোনো মূল্যে দেশের সার্বভৌমত্ব এবং বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার রক্ষা করতে হবে।

শনিবার (৭ নভেম্বর) ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে আয়োজিত শোভাযাত্রার সমাপনীতে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, ‘আসুন, আজ এই জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হই—যেকোনো মূল্যে আমরা আমাদের দেশের সার্বভৌমত্ব এবং বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার রক্ষা করব।’

তিনি বলেন, দেশ স্বাধীন হওয়ার পর থেকেই একটি মহল বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, মানুষের অধিকার, ভোটের অধিকার ও কথা বলার অধিকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করে আসছিল। জনগণ তাদের পরাজিত করেছে। তবে আবারও সেই মহল ষড়যন্ত্র নিয়ে মাথাচাড়া দেওয়ার চেষ্টা করছে।

তারেক রহমান আরও বলেন, ‘প্রিয় ভাই ও বোনেরা, যত দিন স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ থাকবে, তত দিন এই বিপ্লবের র‍্যালি চলমান থাকবে।’

এর আগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিকেল ৩টার দিকে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শোভাযাত্রা শুরু হয়। এতে অংশ নেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

শোভাযাত্রাটি কাকরাইল, হেয়ার রোড, ইন্টারকন্টিনেন্টাল মোড়, বাংলামোটর, কারওয়ান বাজার, ফার্মগেট ও বিজয় সরণি হয়ে মানিক মিয়া অ্যাভিনিউতে গিয়ে শেষ হয়। বিকেল সাড়ে ৪টার দিকে সেখানে ট্রাকের ওপর দাঁড়িয়ে বক্তব্য দেন প্রধানমন্ত্রী।

এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে শোভাযাত্রায় অংশ নেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, সমাজকল্যাণমন্ত্রী এ জেড এম জাহিদ হোসেন, অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীসহ বিএনপির জ্যেষ্ঠ নেতারা।

ক্যাটাগরি