রাজধানীতে ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে প্রধান শিক্ষিকার মৃত্যু

রাজধানীর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে এক প্রধান শিক্ষিকার মৃত্যু হয়েছে। নিহত মোসা. রনজিনা পারভীন বগুড়ার বাগবাড়ি বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন।
শনিবার (২৯ আগস্ট) সকাল সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে।
পুলিশ ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, রনজিনা পারভীন চিকিৎসকের পরামর্শ নিতে বগুড়া থেকে ঢাকায় এসেছিলেন। ভোরে গাবতলী বাস টার্মিনালে নামার পর রিকশায় করে ফার্মগেটের ইসলামিয়া চক্ষু হাসপাতালে যাচ্ছিলেন তিনি।
পথে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে পেছন থেকে একটি মোটরসাইকেলে করে ছিনতাইকারী এসে তার ব্যাগ ধরে টান দেয়। এতে রিকশা থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন তিনি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় নিহত শিক্ষিকার পরিবারের সদস্যরা গণমাধ্যমের সঙ্গে কথা বলতে রাজি হননি।
তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) ইবনে মিজান বলেন, ছিনতাইয়ে ব্যবহৃত মোটরসাইকেল ও জড়িত ব্যক্তিদের শনাক্তে পুলিশ কাজ করছে। দ্রুত তাদের শনাক্ত করে গ্রেপ্তারের আশা করছে পুলিশ।
ফিন্যান্সিয়াল বার্তা/এইচ



