রাজধানীতে সকাল থেকেই বৃষ্টি, আজ দেশের অধিকাংশ এলাকায় ভারী বর্ষণের আভাস

রাজধানী ঢাকায় মঙ্গলবার (৪ আগস্ট) ভোর থেকেই গুঁড়ি গুঁড়ি থেকে মাঝারি বৃষ্টি শুরু হয়েছে। দিনের শুরুতেই বৃষ্টির কারণে কর্মস্থলগামী মানুষের দুর্ভোগ বেড়েছে এবং বিভিন্ন সড়কে যানবাহনের গতি ধীর হয়ে পড়েছে। অনেককে ছাতা ও রেইনকোট সঙ্গে নিয়ে বের হতে দেখা গেছে।
আবহাওয়া অধিদফতর জানিয়েছে, আজ শুধু ঢাকাই নয়, দেশের বেশিরভাগ এলাকাতেই বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।
পূর্বাভাস অনুযায়ী, রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা ও রাজশাহী বিভাগের কিছু কিছু এলাকায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে দেশের কয়েকটি এলাকায় ভারী বর্ষণেরও আশঙ্কা রয়েছে।
আবহাওয়া অধিদফতরের তথ্য অনুযায়ী, মৌসুমি বায়ুর বর্ধিতাংশ বাংলাদেশের উত্তরাঞ্চল পর্যন্ত বিস্তৃত রয়েছে এবং উত্তর বঙ্গোপসাগরে মৌসুমি বায়ু মাঝারি অবস্থায় সক্রিয় থাকায় এই বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে।
তবে বৃষ্টিপাতের মধ্যেও আজ সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।




