রাষ্ট্রায়ত্ত ৬ ব্যাংকের খেলাপি ঋণ প্রায় দেড় লাখ কোটি টাকা: সংসদে অর্থমন্ত্রী

রাষ্ট্র-মালিকানাধীন ছয় ব্যাংকের মোট খেলাপি ঋণের পরিমাণ ১ লাখ ৪৭ হাজার ৭৭৬ কোটি ৩৬ লাখ টাকা। এর মধ্যে সবচেয়ে বেশি খেলাপি ঋণ রয়েছে জনতা ব্যাংক পিএলসিতে। গত ৩০ জুন ২০২৬-এর হিসাব অনুযায়ী এ তথ্য জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
রোববার (৬ সেপ্টেম্বর) জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনে বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য মো. আব্দুল আলীমের এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী এ তথ্য জানান। অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।
অর্থমন্ত্রী জানান, রাষ্ট্র-মালিকানাধীন ছয় ব্যাংকের মধ্যে জনতা ব্যাংকের খেলাপি ঋণ ৭৫ হাজার ৩৯৬ কোটি ৬৭ লাখ টাকা, যা মোট খেলাপি ঋণের অর্ধেকেরও বেশি। এরপর রয়েছে অগ্রণী ব্যাংক।
ব্যাংকভিত্তিক খেলাপি ঋণের পরিমাণ হলো—
- জনতা ব্যাংক: ৭৫,৩৯৬ কোটি ৬৭ লাখ টাকা
- অগ্রণী ব্যাংক: ২৯,০২৯ কোটি ৬৭ লাখ টাকা
- রূপালী ব্যাংক: ১৯,২৮১ কোটি ৭৪ লাখ টাকা
- সোনালী ব্যাংক: ১৫,০৪৮ কোটি ৩৯ লাখ টাকা
- বেসিক ব্যাংক: ৮,১৩১ কোটি ৯ লাখ টাকা
- বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক: ৮৮৮ কোটি ৭৯ লাখ টাকা
অর্থমন্ত্রীর দেওয়া তথ্য অনুযায়ী, ছয় ব্যাংকের মধ্যে শুধু জনতা ব্যাংকের খেলাপি ঋণই প্রায় ৭৫ হাজার ৪০০ কোটি টাকা। ফলে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর ঋণখেলাপি পরিস্থিতিতে জনতা ব্যাংকের অবস্থান সবচেয়ে উদ্বেগজনক।
সংসদ সদস্য মো. আব্দুল আলীম তার প্রশ্নে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর বর্তমান খেলাপি ঋণের পরিমাণ এবং ব্যাংকভিত্তিক হিসাব জানতে চান। এর পরিপ্রেক্ষিতেই অর্থমন্ত্রী এসব তথ্য সংসদে তুলে ধরেন।
ফিন্যান্সিয়াল বার্তা/এইচ



