শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বিশ্ব শিশু অধিকার দিবস ২০২৬ এবং বাংলাদেশ শিশু একাডেমির ৫০ বছরপূর্তি (সুবর্ণজয়ন্তী) উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে রাজধানীর বাংলাদেশ শিশু একাডেমিতে প্রধানমন্ত্রী পৌঁছালে ১৫০ জন শিশু তাঁকে ফুল ও উষ্ণ ভালোবাসায় বরণ করে নেয়। এরপর জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানমালা শুরু হয় এবং প্রধানমন্ত্রী আমন্ত্রিত অতিথিদের সঙ্গে নির্দিষ্ট আসনে গ্রহণ করেন।
এবারের উদযাপনের মূল প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে—‘শিশুর ভবিষ্যৎ হোক সুরক্ষিত’।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সহধর্মিণী ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ডা. জুবাইদা রহমান উপস্থিত রয়েছেন। সুবর্ণজয়ন্তী ও বিশ্ব শিশু অধিকার দিবসের এই বিশেষ অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।
দিনব্যাপী আয়োজনে রয়েছে:
শিশুদের পরিবেশনায় দৃষ্টিনন্দন সাংস্কৃতিক অনুষ্ঠান।
খুদে অংশগ্রহণকারীদের মাঝে বিশেষ স্মারক উপহার প্রদান।
একাডেমি প্রকাশিত বিশেষ স্মরণিকা ‘শৈশব’-এর মোড়ক উন্মোচন।
ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশের বিভিন্ন প্রান্তের প্রান্তিক শিশুদের সঙ্গে প্রধানমন্ত্রীর সরাসরি মতবিনিময়।
এছাড়া শিশু একাডেমি প্রাঙ্গণে শিশুদের আঁকা শিল্পকর্ম এবং বিশেষ ফটো গ্যালারি ঘুরে দেখার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।
মূল আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী বাংলাদেশ শিশু জাদুঘর ভবন পরিদর্শন করবেন। এই সফরকালে তিনি জাদুঘর ভবনের নিচতলায় নবনির্মিত সোলার প্যানেল এবং একটি আধুনিক বিদ্যুৎ সাব-স্টেশন উদ্বোধন করবেন বলে নিশ্চিত করা হয়েছে।



