অর্থনীতি

সেপ্টেম্বরের মধ্যে আয়কর রিটার্ন দিলে ২৫ হাজার টাকা পর্যন্ত কর ছাড়

ছবি- সংগৃহীত

চলতি ২০২৬-২০২৭ করবর্ষে নির্ধারিত সময়ের মধ্যে আয়কর রিটার্ন দাখিলে করদাতাদের উৎসাহিত করতে বিশেষ প্রণোদনা দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। সেপ্টেম্বরের মধ্যে অনলাইনে আয়কর রিটার্ন দাখিল করলে শর্তসাপেক্ষে নিট প্রদেয় করের ওপর ৫ শতাংশ প্রণোদনা বা সর্বোচ্চ ২৫ হাজার টাকা পর্যন্ত কর ছাড় পাবেন করদাতারা। ফলে এই সুবিধা পেতে করদাতাদের হাতে সময় রয়েছে আর মাত্র চার দিন।

এনবিআর সূত্রে জানা যায়, ২০২৬-২০২৭ করবর্ষে বছরের প্রথম প্রান্তিক অর্থাৎ জুলাই, আগস্ট ও সেপ্টেম্বরের মধ্যে অনলাইনে আয়কর রিটার্ন দাখিল করলে ব্যক্তিশ্রেণির করদাতারা এ বিশেষ প্রণোদনার জন্য যোগ্য বিবেচিত হবেন। এতে নির্ধারিত করের তুলনায় কিছুটা কম অর্থ পরিশোধ করতে পারবেন তারা।

৫ শতাংশ প্রণোদনা, সর্বোচ্চ ২৫ হাজার টাকা

এনবিআরের নীতিমালা অনুযায়ী, নির্ধারিত সময়ের মধ্যে রিটার্ন দাখিলকারী ব্যক্তিশ্রেণির করদাতারা তাদের নিট প্রদেয় করের ওপর ৫ শতাংশ হারে প্রণোদনা পাবেন। তবে এ সুবিধার সর্বোচ্চ সীমা ২৫ হাজার টাকা।

অর্থাৎ, কোনো করদাতার নিট প্রদেয় করের ৫ শতাংশের পরিমাণ ২৫ হাজার টাকার বেশি হলেও তিনি সর্বোচ্চ ২৫ হাজার টাকা পর্যন্ত কর ছাড় পাবেন। তবে এ সুবিধা পেতে হলে চলতি বছরের জুলাই থেকে সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দাখিল করতে হবে।

সেপ্টেম্বরের পর রিটার্ন দিলে প্রণোদনা নেই

সেপ্টেম্বর মাসের পর আয়কর রিটার্ন দাখিল করলে বিশেষ এই প্রণোদনা পাওয়া যাবে না। পাশাপাশি ডিসেম্বরের পর রিটার্ন দাখিল করলে বিদ্যমান আয়কর আইন অনুযায়ী বিলম্বের কারণে অতিরিক্ত কর বা জরিমানার মুখোমুখি হতে পারেন করদাতারা।

তাই আর্থিক সুবিধা পাওয়ার পাশাপাশি বিলম্বজনিত অতিরিক্ত কর বা জরিমানা এড়াতে নির্ধারিত সময়ের মধ্যেই রিটার্ন দাখিলের পরামর্শ দেওয়া হচ্ছে।

অনলাইনে আয়কর রিটার্ন দাখিল বাধ্যতামূলক

করসেবা সহজ ও ডিজিটাল করার অংশ হিসেবে নতুন করবর্ষে সব স্বাভাবিক ব্যক্তিশ্রেণির করদাতার জন্য অনলাইনে আয়কর রিটার্ন দাখিল বাধ্যতামূলক করা হয়েছে। এনবিআরের ওয়েবসাইটে গিয়ে করদাতারা অনলাইনে তাদের বার্ষিক আয়কর রিটার্ন প্রস্তুত ও দাখিল করতে পারবেন।

অনলাইনে কর পরিশোধের ক্ষেত্রে ব্যাংক ট্রান্সফার, ডেবিট ও ক্রেডিট কার্ড এবং বিভিন্ন মোবাইল ফাইন্যানশিয়াল সার্ভিস ব্যবহারের সুযোগ রয়েছে।

ই-রিটার্ন দাখিলের সময় কোনো সমস্যায় পড়লে সরকারি ছুটির দিন ছাড়া অফিস চলাকালীন সময়ে এনবিআরের কল সেন্টার ০৯৬৪৩৭১৭১৭১ নম্বরে যোগাযোগ করে সহায়তা নেওয়া যাবে।

রেকর্ড ৪৭ লাখ করদাতার ই-রিটার্ন

সদ্য শেষ হওয়া ২০২৫-২০২৬ করবর্ষে প্রায় ৪৭ লাখ করদাতা ই-রিটার্ন ব্যবস্থার মাধ্যমে আয়কর রিটার্ন দাখিল করেন। নতুন করবর্ষে অনলাইন রিটার্ন দাখিল বাধ্যতামূলক হওয়ায় ডিজিটাল পদ্ধতিতে রিটার্ন দাখিলের সংখ্যা আরও বাড়বে বলে আশা করা হচ্ছে।

তবে নির্দিষ্ট কিছু ক্ষেত্রে পেপার রিটার্ন দাখিলের সুযোগ রাখা হয়েছে। এর মধ্যে রয়েছেন ৬৫ বছর বা তদূর্ধ্ব বয়সী প্রবীণ করদাতা, সনদপত্রের মাধ্যমে শারীরিকভাবে অসমর্থ বা বিশেষ চাহিদাসম্পন্ন করদাতা, বিদেশে অবস্থানরত বাংলাদেশি করদাতা, মৃত করদাতার পক্ষে প্রতিনিধি এবং বাংলাদেশে কর্মরত বিদেশি নাগরিক।

এ ছাড়া ই-রিটার্ন সিস্টেমে নিবন্ধনসংক্রান্ত সমস্যার কারণে অনলাইনে রিটার্ন দাখিল করতে অসমর্থ করদাতারা সংশ্লিষ্ট অতিরিক্ত কর কমিশনার বা যুগ্ম কর কমিশনারের অনুমোদন নিয়ে পেপার রিটার্ন জমা দিতে পারবেন।

ফিনান্সিয়াল বার্তা/ এইচ

ক্যাটাগরি