শেয়ার বাজার

৯৬৮ কোটি টাকা তুলতে জিপিএইচ ইস্পাতের রাইট শেয়ার ইস্যুর উদ্যোগ

শেয়ারবাজারে তালিকাভুক্ত জিপিএইচ ইস্পাত প্রায় ৯৬৮ কোটি টাকা নতুন মূলধন সংগ্রহে রাইট শেয়ার ইস্যুর উদ্যোগ নিয়েছে। কোম্পানিটি প্রতিটি সাধারণ শেয়ারের বিপরীতে দুটি করে রাইট শেয়ার ইস্যুর প্রস্তাব করেছে।

রোববার (১৩ সেপ্টেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে এ তথ্য জানিয়েছে কোম্পানিটি।

পরিচালনা পর্ষদের প্রস্তাব অনুযায়ী, প্রতিটি রাইট শেয়ারের মূল্য হবে ১০ টাকা। এ হিসাবে দুইটি রাইট শেয়ারের মাধ্যমে কোম্পানিটি মোট ৯৬৭ কোটি ৭৭ লাখ টাকা সংগ্রহ করতে পারবে।

এর আগে ২০২৫-২৬ অর্থবছরের জন্য সাধারণ শেয়ারহোল্ডারদের মাত্র ২ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়ার ঘোষণা দিয়েছে জিপিএইচ ইস্পাত। একই অর্থবছরে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে মাত্র ৭ পয়সা। ৩০ জুন ২০২৬ শেষে শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) ছিল ৫১ টাকা ৮১ পয়সা।

বড় অঙ্কের এই মূলধন সংগ্রহের প্রস্তাব এমন সময়ে এসেছে, যখন গত এক বছরে কোম্পানিটির আরও দুটি মূলধন সংগ্রহের উদ্যোগ অনুমোদন পায়নি।

২০২৫ সালের ২৭ মে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) জিপিএইচ ইস্পাতের ১:৩ অনুপাতে প্রায় ২৪২ কোটি টাকার রাইট শেয়ার ইস্যুর প্রস্তাব বাতিল করে। কমিশনের মতে, কোম্পানির দাখিল করা দলিলাদি সন্তোষজনক না হওয়ায় প্রস্তাবটি বাতিল করা হয়।

এরপর একই বছরের ২২ জুন কোম্পানিটির ৫০০ কোটি টাকার প্রেফারেন্স শেয়ার ইস্যুর প্রস্তাবও বাতিল করে বিএসইসি। ঋণ পরিশোধের জন্য ওই অর্থ সংগ্রহের উদ্যোগ নিয়েছিল কোম্পানিটি।

আগের দুটি প্রস্তাব বাতিল হলেও এবার আরও বড় অঙ্কের অর্থ সংগ্রহে নতুন করে রাইট শেয়ার ইস্যুর উদ্যোগ নিয়েছে জিপিএইচ ইস্পাত। প্রস্তাবটি বাস্তবায়নে নিয়ন্ত্রক সংস্থার অনুমোদনসহ সংশ্লিষ্ট প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

ক্যাটাগরি