অভিষেকেই ১৫০, বিশ্ব রেকর্ডে ভাগ বসালেন জর্ডান হারমান

ওয়ানডে অভিষেকেই ব্যাট হাতে ইতিহাস গড়েছেন দক্ষিণ আফ্রিকার বাঁহাতি ওপেনার জর্ডান হারমান। নামিবিয়ার বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে ১২৬ বলে ১৫০ রান করে অভিষেকে সর্বোচ্চ ব্যক্তিগত রানের বিশ্ব রেকর্ডে ভাগ বসিয়েছেন তিনি।
নামিবিয়া ক্রিকেট গ্রাউন্ডে টস জিতে ব্যাট করতে নেমে শুরু থেকেই স্বাগতিক বোলারদের ওপর চড়াও হন হারমান। তাঁর ১২৬ বলের ইনিংসে ছিল ১৭টি চার ও ৩টি ছক্কা।
অভিষেক ওয়ানডের প্রথম ইনিংসেই ১৫০ রান করা মাত্র দ্বিতীয় ব্যাটার হলেন হারমান। এর আগে ২০২৫ সালের ১০ ফেব্রুয়ারি লাহোরে নিউজিল্যান্ডের বিপক্ষে অভিষেকে ১৪৮ বলে ১৫০ রান করে রেকর্ডটি গড়েছিলেন দক্ষিণ আফ্রিকার ম্যাথু ব্রিজকে। একই রান করে এবার তাঁর রেকর্ডে ভাগ বসালেন হারমান।
তবে অল্পের জন্য এককভাবে রেকর্ডটি নিজের করে নিতে পারেননি তিনি। ইনিংসের ৪২তম ওভারের পঞ্চম বলে রুবেন ট্রাম্পেলম্যানের বলে আউট হন হারমান। আর মাত্র ১ রান করতে পারলেই অভিষেকে সর্বোচ্চ ব্যক্তিগত রানের নতুন বিশ্ব রেকর্ড গড়তেন তিনি।
হারমানের দুর্দান্ত ইনিংসের ওপর ভর করে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেটে ৩৪৮ রান সংগ্রহ করেছে দক্ষিণ আফ্রিকা। দ্বিতীয় উইকেটে টনি ডি জর্জির সঙ্গে ১৯০ এবং তৃতীয় উইকেটে ডেওয়াল্ড ব্রেভিসের সঙ্গে ৫৯ রানের জুটি গড়েন হারমান। ডি জর্জি করেন ৭২ এবং ব্রেভিস ৩৩ রান।
অভিষেক ওয়ানডেতে সর্বোচ্চ ব্যক্তিগত রানের তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ডেসমন্ড হেইন্স। ১৯৭৮ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে অভিষেকে ১৩৬ বলে ১৪৮ রান করেছিলেন তিনি।



