অর্থনীতি

আগস্টের প্রথম ১২ দিনে রেমিট্যান্স এলো ১৪৯ কোটি ৯০ লাখ ডলার

সংগৃহীত ছবি

চলতি আগস্ট মাসের প্রথম ১২ দিনে দেশে ১৪৯ কোটি ৯০ লাখ মার্কিন ডলারের রেমিট্যান্স এসেছে। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ১৮ হাজার ৪৩৭ কোটি ৭০ লাখ টাকা। প্রতি ডলার ১২৩ টাকা হিসাবে এ হিসাব করা হয়েছে।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেছেন।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, আগস্টের প্রথম ১২ দিনে আসা রেমিট্যান্স গত বছরের একই সময়ের তুলনায় ৪২ দশমিক ২০ শতাংশ বেশি। গত বছরের আগস্টের প্রথম ১২ দিনে দেশে ১০৫ কোটি ৪০ লাখ ডলারের প্রবাসী আয় এসেছিল।

চলতি মাসের ১২ আগস্ট একদিনেই দেশে ১১ কোটি ১০ লাখ ডলারের বেশি রেমিট্যান্স এসেছে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ হাজার ৩৬৫ কোটি ৩০ লাখ টাকা।

এদিকে চলতি অর্থবছরের (১ জুলাই থেকে ১২ আগস্ট) প্রথম ৪৩ দিনে দেশে মোট ৪৩৫ কোটি ৮০ লাখ ডলারের রেমিট্যান্স এসেছে। গত অর্থবছরের একই সময়ে এসেছিল ৩৫৩ কোটি ২০ লাখ ডলার। ফলে এক বছরের ব্যবধানে চলতি অর্থবছরের প্রথম ৪৩ দিনে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ২৩ দশমিক ২৪ শতাংশ।

প্রবাসী আয় দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী করার পাশাপাশি বৈদেশিক লেনদেনের ভারসাম্য ও সামগ্রিক অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। চলতি অর্থবছরের শুরু থেকেই রেমিট্যান্স প্রবাহে এই ঊর্ধ্বমুখী ধারা অব্যাহত রয়েছে।

ক্যাটাগরি