আজ শুভ জন্মাষ্টমী, রাজধানীতে কঠোর নিরাপত্তা

সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি ও শুভ জন্মাষ্টমী আজ শুক্রবার (৪ সেপ্টেম্বর)। দিনটি উপলক্ষে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে পূজা, প্রার্থনা, কীর্তন, আলোচনা সভা ও প্রসাদ বিতরণসহ নানা কর্মসূচি নেওয়া হয়েছে। এ উপলক্ষে আজ সরকারি ছুটি।
জন্মাষ্টমী উপলক্ষে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী পৃথক বাণীতে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়েছেন। তারা ন্যায়, সত্য, মানবতা, সাম্য ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানিয়েছেন।
রাজধানীতে জন্মাষ্টমীর প্রধান আকর্ষণ ঐতিহাসিক শোভাযাত্রা। বিকেল ৩টায় পলাশী মোড় থেকে শুরু হয়ে শোভাযাত্রাটি ঢাকেশ্বরী জাতীয় মন্দির হয়ে পুরান ঢাকার বাহাদুর শাহ পার্কে গিয়ে শেষ হবে। শোভাযাত্রা ঘিরে ডিএমপি ব্যাপক নিরাপত্তাব্যবস্থা নিয়েছে এবং নির্ধারিত রুটে যানবাহন চলাচলে বিকল্প সড়ক ব্যবহারের অনুরোধ জানিয়েছে।
নিরাপত্তায় সিসিটিভি, ফুট প্যাট্রল, রুফটপ পার্টি, গোয়েন্দা দল, সোয়াট ও বোম ডিসপোজাল ইউনিটসহ অতিরিক্ত ট্রাফিক পুলিশ মোতায়েন থাকবে। শোভাযাত্রায় বড় ব্যাগ, দাহ্য পদার্থ, ছুরি, অস্ত্র ও কাঁচিসহ ঝুঁকিপূর্ণ সামগ্রী বহন না করতে অনুরোধ করা হয়েছে।
এদিকে ঢাকেশ্বরী জাতীয় মন্দির, ইসকন বাংলাদেশ এবং রামকৃষ্ণ মঠ ও মিশনসহ বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে দিনভর নানা আয়োজন রয়েছে। রাতে বিভিন্ন মন্দিরে শ্রীকৃষ্ণপূজা ও মহাভিষেক অনুষ্ঠিত হবে।



