বিনোদন

‘আমার এখনও বিয়ে হয়নি’, গুজব ছড়ালে আইনি ব্যবস্থা: পূজা চেরি

পূজা চেরি। ছবি: ফেসবুক

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী পূজা চেরির বিয়ে নিয়ে সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদকে ‘মিথ্যা ও বিভ্রান্তিকর’ দাবি করেছেন তিনি। একই সঙ্গে যাচাই ছাড়া তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে সংবাদ প্রকাশ অব্যাহত থাকলে আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন এই অভিনেত্রী।

সোমবার (১৭ আগস্ট) রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে পূজা চেরি বলেন, বেশ কিছুদিন ধরে তাঁকে নিয়ে বিভিন্ন গণমাধ্যমে অসত্য ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ প্রকাশ করা হচ্ছে। কখনো নির্দিষ্ট কোনো পেশার ব্যক্তির সঙ্গে, আবার কখনো অন্য কারও সঙ্গে তাঁর নাম জড়িয়ে কাল্পনিক খবর তৈরি করা হচ্ছে। এতে তিনি বিব্রত হচ্ছেন বলেও জানান।

নিজের বিয়ে প্রসঙ্গে অবস্থান পরিষ্কার করে পূজা বলেন, তিনি আগে একটি সাক্ষাৎকারে জানিয়েছিলেন যে তিনি এনগেজড এবং পারিবারিকভাবে তাঁর বিয়ে ঠিক করা হয়েছে। তবে এখনো তাঁর বিয়ে হয়নি। বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হলে নিজেই সবাইকে জানাবেন বলেও জানান তিনি।

বর্তমানে অভিনয় থেকে কিছুটা বিরতিতে থাকা প্রসঙ্গে অভিনেত্রী জানান, নিজেকে সময় দেওয়ার পাশাপাশি নতুন কাজের জন্য প্রস্তুতি নিচ্ছেন। এ কারণে ক্যামেরার সামনে তাঁকে দেখা যাচ্ছে না। তবে তাঁর অনুপস্থিতির সুযোগ নিয়ে যাচাই ছাড়া সংবাদ প্রকাশের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তোলেন তিনি।

পূজা চেরি আরও বলেন, অনুমতি ছাড়া কারও ব্যক্তিস্বাধীনতায় হস্তক্ষেপ এবং মিথ্যা তথ্য প্রচার আইনত দণ্ডনীয়। তাঁর ব্যক্তিগত জীবন ও সুনাম ক্ষুণ্ন হয়—এমন সংবাদ প্রকাশ থেকে বিরত থাকার জন্য সংবাদকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি।

পূজা চেরি। ছবি: ফেসবুক

তিনি সতর্ক করে বলেন, মিথ্যা ও বিভ্রান্তিকর সংবাদ প্রচার অব্যাহত থাকলে নিজের আইনি অধিকার রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বাধ্য হবেন।

উল্লেখ্য, সর্বশেষ কোরবানির ঈদে মুক্তি পাওয়া ‘দম’ সিনেমায় অভিনয় করেছেন পূজা চেরি। রেদওয়ান রনি পরিচালিত সিনেমাটিতে তাঁর বিপরীতে অভিনয় করেছেন আফরান নিশো।

ক্যাটাগরি