সারাদেশ

নরসিংদীর নাছিমা কাদির মোল্লা স্কুলে শতভাগ জিপিএ-৫

নাছিমা কাদির মোল্লা হাইস্কুল অ্যান্ড হোমসের ৩৮২ পরীক্ষার্থীর সবাই পেয়েছে জিপিএ-৫

এসএসসি পরীক্ষায় এবারও সাফল্যের ধারাবাহিকতা ধরে রেখেছে নরসিংদীর নাছিমা কাদির মোল্লা হাইস্কুল অ্যান্ড হোমস। প্রতিষ্ঠানটি থেকে ৩৮২ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে সবাই উত্তীর্ণ হয়েছে এবং প্রত্যেকেই জিপিএ-৫ পেয়েছে।

বিদ্যালয় সূত্রে জানা গেছে, এ বছর বিজ্ঞান বিভাগের ৩৭৬ জন ও ব্যবসায় শিক্ষা বিভাগের ৬ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নেয়। শতভাগ পাসের পাশাপাশি শতভাগ জিপিএ-৫ পাওয়ায় প্রতিষ্ঠানটির শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মধ্যে উচ্ছ্বাস দেখা দিয়েছে।

২০০৮ সালে প্রতিষ্ঠার পর থেকেই পিএসসি, জেএসসি ও এসএসসিতে ধারাবাহিকভাবে ভালো ফল করে আসছে প্রতিষ্ঠানটি। গত বছর ৩২০ জন পরীক্ষার্থী অংশ নিয়ে সবাই জিপিএ-৫ পেয়েছিল। এর আগে ২০২৪ সালে ২৯৪ জনের মধ্যে ২৯৩ জন, ২০২৩ সালে ২৭৮ জনের মধ্যে ২৭০ জন এবং ২০২২ সালে ২৬৬ জনের সবাই জিপিএ-৫ পেয়েছিল।

বিজ্ঞান বিভাগের জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থী তাজরিয়ান হোসেন মুন বলেন, বাবা-মা ও শিক্ষকদের পরিশ্রমের কারণেই ভালো ফল করা সম্ভব হয়েছে। নিয়মিত ক্লাস, পরীক্ষা ও মডেল টেস্টে অংশ নেওয়ায় প্রস্তুতি ভালো হয়েছিল।

বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি আবদুল কাদির মোল্লা বলেন, মানসম্মত শিক্ষা নিশ্চিত করার লক্ষ্যেই নরসিংদীর মতো মফস্বল শহরে প্রতিষ্ঠানটি গড়ে তোলা হয়েছে। পরিচালনা পর্ষদ, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সমন্বিত প্রচেষ্টাই ভালো ফলাফলের প্রধান কারণ বলে তিনি উল্লেখ করেন।

প্রধান শিক্ষক মো. ইমন হোসেন বলেন, পরিচালনা পর্ষদ, শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের সমন্বয় এবং নিয়মিত পরিশ্রমের ফলেই এ সাফল্য এসেছে। একাডেমিক ফলাফলের পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমেও প্রতিষ্ঠানটি ভালো করছে বলে জানান তিনি।

ক্যাটাগরি