নেত্রকোণায় ১২ বছরের মাদরাসাছাত্রীকে ধর্ষণ: শিক্ষক সাগরের মৃত্যুদণ্ড

নেত্রকোণার মদন উপজেলায় ১২ বছর বয়সী এক মাদরাসাছাত্রীকে ধর্ষণ ও অন্তঃসত্ত্বা করার মামলায় শিক্ষক আমান উল্লাহ মাহমুদী ওরফে সাগরকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার (১১ নভেম্বর) দুপুর ১টার দিকে নেত্রকোণা জেলা ও দায়রা জজ এবং শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মো. আব্দুস সালাম আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।
আদালত সূত্রে জানা যায়, গত ২৮ অক্টোবর মামলার যুক্তিতর্ক শুনানি শেষে ১১ নভেম্বর রায় ঘোষণার দিন ধার্য করা হয়েছিল। যুক্তিতর্কের সময় প্রধান আসামি নিজের ১২ শতাংশ জমি লিখে দেওয়ার বিনিময়ে মামলা থেকে অব্যাহতি চেয়েছিলেন। তবে আদালত তার সেই আবেদন নাকচ করেন।
মামলার অভিযোগ অনুযায়ী, ২০২৫ সালের নভেম্বর মাসে মদন উপজেলার কাইটাইল ইউনিয়নের পাঁচহাট বড়বাড়ি গ্রামের একটি মহিলা কওমি মাদরাসায় ওই শিশুকে ধর্ষণ করেন প্রতিষ্ঠানটির পরিচালক ও শিক্ষক আমান উল্লাহ মাহমুদী সাগর। বিষয়টি প্রকাশ করলে প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
পরবর্তী সময়ে শিশুটির শারীরিক পরিবর্তন দেখে পরিবারের সদস্যদের সন্দেহ হয়। চলতি বছরের এপ্রিল মাসে চিকিৎসকের কাছে নেওয়ার পর তার অন্তঃসত্ত্বা হওয়ার বিষয়টি নিশ্চিত হয়। এ ঘটনায় ২৩ এপ্রিল শিশুটির মা বাদী হয়ে মদন থানায় মামলা করেন। মামলায় শিক্ষক সাগর ও তার ভাই মাইমুন ওরফে মামুন মিয়াকে আসামি করা হয়।
ঘটনাটি দেশজুড়ে ব্যাপক আলোচনার জন্ম দেয়। পরে র্যাব-১৪-এর ছায়াতদন্তের ভিত্তিতে ৬ মে ময়মনসিংহের গৌরীপুর থেকে প্রধান অভিযুক্ত শিক্ষক সাগরকে গ্রেপ্তার করা হয়। পরে পুলিশ তাকে জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের রিমান্ডে নেয়।
এদিকে, গত ২ জুলাই সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে শিশুটি একটি কন্যাসন্তানের জন্ম দেয়। আদালতের নির্দেশে সিআইডি নবজাতক ও অভিযুক্ত শিক্ষকের ডিএনএ নমুনা সংগ্রহ করে পরীক্ষা করে। পরীক্ষার ফলাফলে নবজাতকের সঙ্গে শিক্ষক সাগরের ডিএনএ মিল ৯৯.৯৯ শতাংশ পাওয়া যায়।
ডিএনএ পরীক্ষার ফলাফলসহ তদন্তের অন্যান্য তথ্য-প্রমাণের ভিত্তিতে গত ২৬ আগস্ট মদন থানার তদন্ত কর্মকর্তা এসআই মো. আক্তারুজ্জামান শিক্ষক সাগর ও তার ভাই মামুন মিয়ার বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে বুধবার প্রধান আসামি শিক্ষক আমান উল্লাহ মাহমুদী সাগরকে মৃত্যুদণ্ড ও এক লাখ টাকা জরিমানার আদেশ দেন আদালত।



