ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকার দাবিতে গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ, মহাসড়ক অবরোধ

ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে গাজীপুরের বিভিন্ন এলাকায় বিক্ষোভ করেছেন পোশাকশ্রমিকরা। এ সময় ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন তাঁরা। এতে দুই মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। চরম দুর্ভোগে পড়েন দূরপাল্লার যাত্রী ও সাধারণ পথচারীরা।
মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ১০টা পর্যন্ত চান্দনা চৌরাস্তা এলাকায় মহাসড়কে শ্রমিকদের অবরোধ অব্যাহত ছিল।
এদিকে শ্রমিক অসন্তোষের কারণে মঙ্গলবার সকালে নতুন করে পাঁচটি পোশাক কারখানায় এক দিনের ছুটি ঘোষণা করা হয়েছে। এর আগে সোমবার থেকে ২৬টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়।
জানা গেছে, মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে গাজীপুরের নাওজোড় এলাকায় লাঠিসোঁটা হাতে নিয়ে বিক্ষোভ শুরু করেন শ্রমিকরা। পরে তাঁরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অবস্থান নেন। একই সময়ে চান্দনা চৌরাস্তায় আরেকটি শ্রমিক দল বিক্ষোভ মিছিল নিয়ে সড়কে অবস্থান করলে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কেও যান চলাচল বন্ধ হয়ে যায়।
গাজীপুর শিল্পাঞ্চলের পুলিশ সুপার (এসপি) মো. আমজাদ হোসাইন জানান, চান্দনা চৌরাস্তা ও আশপাশের কয়েকটি কারখানার শ্রমিকরা সড়ক অবরোধ করেছেন। তাঁদের সড়ক থেকে সরিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করছে।
তিনি আরও জানান, ছয়দানা কলম্বিয়া এলাকায় শ্রমিকরা জড়ো হয়েছেন। সেখানে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও বিজিবি সদস্যদের পাঠানো হয়েছে।



