কুষ্টিয়ায় এনসিপি নেত্রী নুসরাত তাবাসসুমের বাড়িতে পেট্রল বোমা হামলার অভিযোগ

কুষ্টিয়ার দৌলতপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুম জ্যোতির বাড়িতে পেট্রল বোমা নিক্ষেপের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে নিজেই এ অভিযোগ করেন তিনি।
পরে এনসিপির সিনিয়র যুগ্ম সদস্য সচিব আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াও ফেসবুক পোস্টে একই অভিযোগ করেন।
নিজের ফেসবুক পোস্টে নুসরাত তাবাসসুম লেখেন, ‘বাড়িতে পেট্রোল বোমা মেরেছে। কারা মেরেছে জানি না।’
তিনি আরও লেখেন, ‘এভাবে যদি কণ্ঠরোধ করা যাবে ভেবে থাকিস, তাহলে ভুল। আগুনের পথ পাড়ি দিয়ে নিজের কাজ করে যাব। ইনকিলাব জিন্দাবাদ।’
এদিকে, এনসিপির সিনিয়র যুগ্ম সদস্য সচিব আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার ভেরিফায়েড ফেসবুক পেজে এ ঘটনায় একটি ভিডিও প্রকাশ করা হয়েছে।
ভিডিওর সঙ্গে দেওয়া পোস্টে দাবি করা হয়, এনসিপির যুগ্ম আহ্বায়ক ও রাজনৈতিক পর্ষদের সদস্য সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের কুষ্টিয়ার দৌলতপুরের বাড়িতে আওয়ামী লীগের সন্ত্রাসীরা পেট্রল বোমা নিক্ষেপ করেছে।



