২০ কোটি রুপি পারিশ্রমিক নেবেন, নাকি লাভের অংশীদার হবেন শ্রদ্ধা?

বলিউডে তারকাদের পারিশ্রমিক নেওয়ার প্রচলিত ধরন বদলাচ্ছে। এককালীন বড় অঙ্কের পারিশ্রমিকের পরিবর্তে অনেক তারকাই এখন সিনেমার লাভ, স্বত্বাধিকার ও বুদ্ধিবৃত্তিক সম্পত্তিতে অংশীদার হচ্ছেন। এবার একই পথে হাঁটার কথা ভাবছেন অভিনেত্রী শ্রদ্ধা কাপুর।
‘শার্ক ট্যাংক ইন্ডিয়া’খ্যাত উদ্যোক্তা অশনির গ্রোভারের জীবন নিয়ে নির্মিতব্য বায়োপিকে তার স্ত্রী মাধুরী জৈন গ্রোভারের চরিত্রে অভিনয়ের কথা রয়েছে শ্রদ্ধার। সিনেমাটির চিত্রনাট্য ও পরিচালনার দায়িত্বে থাকছেন রাহুল মোদি।
ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, সিনেমাটিতে অভিনয়ের জন্য শ্রদ্ধাকে প্রায় ২০ কোটি রুপি পারিশ্রমিক দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে। তবে এককালীন এই অর্থ নেওয়ার পরিবর্তে অভিনেত্রী সিনেমাটির অন্যতম প্রযোজক হিসেবে যুক্ত হওয়ার বিষয়টি বিবেচনা করছেন বলে জানা গেছে।
এই মডেলে শুরুতে নির্দিষ্ট পারিশ্রমিক না নিয়ে সিনেমার স্বত্ব, ওটিটি বিক্রি ও বক্স অফিস থেকে অর্জিত লাভের একটি নির্দিষ্ট অংশ পেতে পারেন শ্রদ্ধা। সিনেমাটি ব্যবসাসফল হলে এভাবে তার আয় প্রস্তাবিত ২০ কোটি রুপির চেয়েও বেশি হতে পারে।
বলিউডে এ ধরনের মডেল অবশ্য নতুন নয়। অক্ষয় কুমার, শাহরুখ খান, আমির খান, সালমান খান, অজয় দেবগন ও রণবীর সিংয়ের মতো তারকারাও বিভিন্ন সিনেমায় লাভের অংশীদার হওয়ার কৌশল অনুসরণ করছেন। এতে সিনেমা সফল হলে অভিনয়ের পারিশ্রমিকের তুলনায় অনেক বেশি আয় করার সুযোগ থাকে।
এদিকে শ্রদ্ধা কাপুর বর্তমানে তার পরবর্তী সিনেমা ‘ইথা’র শুটিংয়ে ব্যস্ত। জানা গেছে, সিনেমাটির জন্য তিনি ১২ থেকে ১৫ কোটি রুপি পারিশ্রমিক পাচ্ছেন।
তবে অশনির গ্রোভারের বায়োপিকের ক্ষেত্রে শ্রদ্ধা শেষ পর্যন্ত ২০ কোটি রুপি পারিশ্রমিক নেবেন, নাকি প্রযোজক হিসেবে যুক্ত হয়ে লাভের অংশীদার হবেন—এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।




