গোপালগঞ্জে এবার এমপি সেলিমুজ্জামানের বাড়িতে আগুন, ভাঙচুর ও ককটেল বিস্ফোরণ

গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মো. সেলিমুজ্জামান মোল্লার বাড়িতে হামলা, ভাঙচুর, ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল ১১টার দিকে কাশিয়ানী উপজেলার মহেশপুর ইউনিয়নের শিবগাতী গ্রামে এ ঘটনা ঘটে।
মুকসুদপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম রাজু ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সকালে একদল লোক মিছিল নিয়ে সংসদ সদস্যের বাড়িতে এসে ভাঙচুর চালায়। এ সময় ককটেল বিস্ফোরণ ঘটিয়ে বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়।
অন্যদিকে সংসদ সদস্যের প্রেস উইংয়ের সদস্য আম্মার মিয়া অসীমের দাবি, সকাল সাড়ে ১০টার দিকে আওয়ামী লীগের নেতাকর্মীরা অস্ত্রশস্ত্র নিয়ে বাড়ির সামনে জড়ো হন। প্রথমে স্লোগান দেওয়ার পর তারা ভাঙচুর শুরু করেন। পরে পেট্রল ও অকটেন ঢেলে বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়। তবে অগ্নিসংযোগের আগেই বাড়িতে থাকা সংসদ সদস্যের স্বজনরা নিরাপদে বের হয়ে যান বলে জানান তিনি।
এদিকে গোপালগঞ্জ সদর উপজেলার বিজয়পাশা এলাকায় টহলরত বিজিবি ও এসআরবির গাড়ি লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। এতে কেউ আহত হয়েছেন কি না, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।
অন্যদিকে গোপালগঞ্জ শহরের পোস্ট অফিস মোড় এলাকায় অবরোধকারীদের মিছিল থেকে এফএনএফ নামের একটি সুপারশপে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে।
এর আগে বুধবার রাতে গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা. কে এম বাবরের শহরের বাসায় অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা ঘটে। এরও আগে গত মঙ্গলবার রাতে টুঙ্গিপাড়ায় সংসদ সদস্য এস এম জিলানীর বাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটনা ঘটে।



