গ্রিস উপকূল থেকে ২০০–এর বেশি অভিবাসী উদ্ধার, অধিকাংশই বাংলাদেশি

গ্রিসের ক্রিট দ্বীপের উপকূল থেকে ৪৮ ঘণ্টারও কম সময়ে ২০০–এর বেশি অনিয়মিত অভিবাসীকে উদ্ধার করেছে দেশটির কোস্ট গার্ড। উদ্ধার হওয়া ব্যক্তিদের মধ্যে অধিকাংশই বাংলাদেশের নাগরিক। এছাড়া সুদান ও মিসরের নাগরিকও রয়েছেন। টানা উদ্ধার অভিযানের ফলে ক্রিট দ্বীপের অস্থায়ী অভিবাসী গ্রহণকেন্দ্রগুলোতে বাড়তি চাপ তৈরি হয়েছে।
গ্রিক সংবাদমাধ্যম ডিমোক্রেটিয়া এবং মিডল ইস্ট মনিটর–এর প্রতিবেদনে বলা হয়, লিবিয়ার উপকূল থেকে ছেড়ে আসা একাধিক নৌকায় করে অন্তত ২০২ জন অভিবাসী গ্রিসের ক্রিট দ্বীপে পৌঁছানোর চেষ্টা করেন। তাদের বিভিন্ন অভিযানে উদ্ধার করে নিরাপদে তীরে নিয়ে আসে গ্রিক কোস্ট গার্ড।
সর্বশেষ বৃহস্পতিবার (৬ আগস্ট) সকালে ইউরোপীয় সীমান্ত ও উপকূলরক্ষী সংস্থা ফ্রন্টেক্স–এর একটি নজরদারি বিমান ক্রিটের দক্ষিণ-পূর্বাঞ্চলের আইয়েরাপেত্রা উপকূলে ৪০ জন অভিবাসীবাহী একটি নৌকা শনাক্ত করে। পরে গ্রিক কোস্ট গার্ড ও একটি মাছ ধরার ট্রলার যৌথ অভিযান চালিয়ে তাদের উদ্ধার করে আইয়েরাপেত্রা বন্দরে নিয়ে যায়। বর্তমানে তাদের পরিচয় যাচাই-বাছাই এবং প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে।
এর কয়েক ঘণ্টা আগে পৃথক দুটি নৌকা থেকে আরও ১১২ জন অভিবাসীকে উদ্ধার করা হয়। প্রথম নৌকায় থাকা ৫৬ জনের মধ্যে ৩১ জন সুদানের এবং ২৫ জন বাংলাদেশের নাগরিক। দ্বিতীয় নৌকায় থাকা ৫৬ জনের মধ্যে ৪৭ জন বাংলাদেশি ও ৯ জন মিসরের নাগরিক বলে জানিয়েছে গ্রিক কর্তৃপক্ষ।
উদ্ধার হওয়া সবাইকে ক্রিটের হেরাক্লিয়ন বন্দরের একটি অস্থায়ী আশ্রয়কেন্দ্রে স্থানান্তর করা হয়েছে। সাম্প্রতিক সময়ে লিবিয়া থেকে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে গ্রিসে পৌঁছানোর চেষ্টা বাড়ায় দ্বীপটির অভিবাসন ব্যবস্থাপনায় নতুন চাপ তৈরি হয়েছে।
এদিকে মানবপাচারের অভিযোগে ১৬ বছর বয়সী দক্ষিণ সুদানের এক কিশোরকে গ্রেপ্তার করেছে গ্রিক কর্তৃপক্ষ। আইয়েরাপেত্রা উপকূলের প্রায় ২৮ দশমিক ৫ নটিক্যাল মাইল দক্ষিণ-পশ্চিমে পরিচালিত উদ্ধার অভিযানের সময় তাকে আটক করা হয়।
উদ্ধার হওয়া অভিবাসীদের ভাষ্য অনুযায়ী, ওই কিশোর লিবিয়ার তোবরুক শহর থেকে গ্রিসে পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে প্রত্যেকের কাছ থেকে দেড় হাজার থেকে দুই হাজার মার্কিন ডলার করে নিয়েছিল। ঘটনাটি তদন্ত করছে গ্রিক কোস্ট গার্ড।
এফ বার্তা/ এইচ



