এপেক সম্মেলনে শি চিনপিংয়ের বক্তব্যের সময় ঘুমিয়ে পড়লেন ট্রাম্প!

সরাসরি সম্প্রচারিত ভিডিওতে ট্রাম্পকে এভাবে বসে থাকতে দেখা যাওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা ও সমালোচনা শুরু হয়। তবে তিনি সত্যিই ঘুমিয়ে পড়েছিলেন কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।
৮০ বছর বয়সী ট্রাম্পকে গুরুত্বপূর্ণ বৈঠকে ঝিমাতে দেখা যাওয়ার ঘটনা এটিই প্রথম নয়। তার এশিয়া সফরের দ্বিতীয় দিনে এ ঘটনা ঘটে।
‘রিপাবলিকানস অ্যাগেইনস্ট ট্রাম্প’ নামের একটি সামাজিক যোগাযোগমাধ্যম পেজ থেকে ভিডিওটি প্রকাশের পর তা দ্রুত ছড়িয়ে পড়ে। ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসমের প্রেস দপ্তরও ভিডিওটি শেয়ার করে ট্রাম্পকে কটাক্ষ করেছে। পোস্টে বলা হয়, বিশ্ব তাকে নিয়ে হাসছে।
তবে সম্মেলনের অন্য ভিডিওতে ট্রাম্পকে বেশ সক্রিয় দেখা গেছে। সেখানে তিনি চীনের প্রেসিডেন্ট শি চিনপিং ও তার স্ত্রী পেং লিইউয়ানের আতিথেয়তার প্রশংসা করেন। পাশাপাশি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সম্ভাব্য ত্রিপক্ষীয় বৈঠক এবং কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়েও কথা বলেন।
সফরের শুরুতে ফিলিপাইনে আসিয়ান (অ্যাসোসিয়েশন অব সাউথইস্ট এশিয়ান নেশনস) শীর্ষ সম্মেলনে যোগ দেন ট্রাম্প। এরপর বুধবার চীনের শেনঝেনে পৌঁছান তিনি। ‘চীনের সিলিকন ভ্যালি’ হিসেবে পরিচিত শহরটিতে পৌঁছানোর পর চীনের প্রেসিডেন্ট শি চিনপিংয়ের সঙ্গে উষ্ণ আলিঙ্গনে মিলিত হন মার্কিন প্রেসিডেন্ট।
পরে শেনঝেন ইন্টারন্যাশনাল এক্সচেঞ্জ সেন্টারে আয়োজিত নৈশভোজে অংশ নেন দুই নেতা। সেখানে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও উপস্থিত ছিলেন।
নৈশভোজের আগে রেড কার্পেটে হাঁটার সময় অন্যান্য বিশ্বনেতার তুলনায় বেশি সময় নেন ট্রাম্প। পরবর্তী সময়ে পূর্ণাঙ্গ অধিবেশনে শি চিনপিংয়ের বক্তব্য চলাকালে তাকে চোখ বন্ধ করে মাথা নিচু করে বসে থাকতে দেখা যায়। সফরের ওই দিন বিকেলেই পুতিনের সঙ্গে একান্ত বৈঠকে অংশ নেন তিনি।



