বিদেশিদের জন্য ভিসা প্রক্রিয়া সহজ করছে ভারত, কমছে ভিসার ধরন ও আবেদন ফরম

ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, পর্যটন, চিকিৎসা, শিক্ষা, গবেষণা ও ব্যবসার উদ্দেশ্যে বিদেশি নাগরিকদের যাতায়াত আরও সহজ করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। ২০২৫ সালের অক্টোবরে শুরু হওয়া পুনর্বিন্যাসের কাজ শেষে নতুন ভিসা কাঠামো চূড়ান্ত করা হয়েছে।
নতুন ব্যবস্থায় পর্যটক ভিসার নাম পরিবর্তন করে রাখা হয়েছে ‘ভিজিটর ভিসা’। এর আওতায় পর্যটনের পাশাপাশি স্বল্পমেয়াদি ব্যবসায়িক বৈঠক, চিকিৎসা, চিকিৎসকের পরামর্শ এবং যোগব্যায়াম, সংগীত ও ভাষা শেখার সুযোগ থাকবে।
ভিজিটর ভিসা দুই ধরনের হবে। ভি-১ ভিসার মেয়াদ হবে ৩০ দিন। অন্যদিকে ভি-২ ভিসার মেয়াদ যোগ্যতা অনুযায়ী এক, পাঁচ অথবা ১০ বছর পর্যন্ত হতে পারে।
চিকিৎসা ভিসার ক্ষেত্রেও পরিবর্তন আনা হয়েছে। সাধারণ চিকিৎসার জন্য এম-১ এবং আয়ুষভিত্তিক চিকিৎসার জন্য এম-৩ ভিসা দেওয়া হবে। উভয় ধরনের ভিসার ক্ষেত্রে সাধারণভাবে এক বছরের মেয়াদ ও একাধিকবার ভারতে প্রবেশের সুযোগ থাকবে।
শিক্ষার্থী ও গবেষকদের জন্য এস-১ ও এস-২ এবং ব্যবসায়ীদের জন্য বি-১ ও বি-২ ভিসা চালু করা হচ্ছে। এ ছাড়া উৎপাদন, বিনিয়োগ, প্রযুক্তিগত কাজ ও ব্যবসা সম্প্রসারণের ক্ষেত্রেও নতুন সুবিধা রাখা হয়েছে।
বর্তমানে ১৭২টি দেশের নাগরিক ভারতের ই-ভিসা সুবিধা পাচ্ছেন। নতুন ভিসা কাঠামো কার্যকর করতে প্রয়োজনীয় প্রযুক্তিগত প্রস্তুতি চলছে। ২০২৬ সালের শেষ নাগাদ নতুন ব্যবস্থায় ভিসা দেওয়া শুরু হতে পারে বলে জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
নতুন কাঠামোয় মোট নয়টি শ্রেণিতে ভিসা দেওয়া হবে। এগুলো হলো-ব্যবসায়িক, কূটনৈতিক, কর্মসংস্থান, সাংবাদিক, চিকিৎসা, সরকারি, শিক্ষার্থী, ভিজিটর ও বিবিধ ভিসা।



