আন্তর্জাতিক

মাসে ৬০ রুপির পরিচ্ছন্নতাকর্মী থেকে ব্যাংকের এজিএম, প্রতীক্ষার গল্প

সংগৃহীত ছবি
মাত্র ২০ বছর বয়সে স্বামীকে হারিয়েছিলেন ভারতের প্রতীক্ষা টেন্ডলকার। কোলে তখন এক বছরের সন্তান। সংসার চালানোর দায়িত্ব কাঁধে নিয়ে শুরু করেছিলেন ব্যাংকের পরিচ্ছন্নতাকর্মীর কাজ। মাসিক বেতন ছিল মাত্র ৬০ থেকে ৬৫ রুপি। কিন্তু দারিদ্র্য কিংবা জীবনের প্রতিকূলতা তাঁকে থামাতে পারেনি। অদম্য ইচ্ছাশক্তি, কঠোর পরিশ্রম ও পড়াশোনার প্রতি আগ্রহ তাঁকে পৌঁছে দিয়েছে সেই ব্যাংকেরই সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) পদে।

শুধু তাই নয়, ৫৫ বছর বয়সে পূরণ করেছেন প্রাকৃতিক চিকিৎসাবিদ্যা নিয়ে পড়াশোনার স্বপ্নও। প্রতীক্ষার এই জীবনসংগ্রাম এখন অনেকের কাছেই অনুপ্রেরণার গল্প।

ভারতের মহারাষ্ট্রের পুনেতে ১৯৬৪ সালে জন্ম প্রতীক্ষার। অভাব-অনটনের মধ্যেই কেটেছে তাঁর শৈশব। মাত্র ১৬-১৭ বছর বয়সে বিয়ে হওয়ায় সপ্তম শ্রেণিতে পড়ার সময়ই বন্ধ হয়ে যায় পড়াশোনা। বিয়ের তিন বছরের মাথায় এক সড়ক দুর্ঘটনায় স্বামী সদাশিব কাদুকে হারান তিনি। তখন তাঁর বয়স মাত্র ২০ বছর। কোলে ছিল এক বছরের সন্তান।

স্বামীর মৃত্যুর পর জীবিকার তাগিদে প্রথমে সেলাইয়ের কাজ শুরু করেন প্রতীক্ষা। পরে সন্তানকে নিয়ে চলে যান মুম্বাইয়ে। স্বামীর বকেয়া বেতন সংগ্রহ করতে একদিন যান স্টেট ব্যাংক অব ইন্ডিয়ার (এসবিআই) একটি শাখায়। সেখানে নিজের কর্মসংস্থানের ব্যবস্থা করার জন্য শাখা ব্যবস্থাপকের কাছে অনুরোধ জানান।

তাঁর পরিস্থিতি বিবেচনা করে ১৯৮৫ সালে ব্যাংকটিতে খণ্ডকালীন পরিচ্ছন্নতাকর্মী হিসেবে নিয়োগ দেওয়া হয় তাঁকে। মাসিক বেতন ছিল মাত্র ৬০ থেকে ৬৫ রুপি।

ব্যাংকে প্রতিদিন মেঝে ঝাড়ু দেওয়া, শৌচাগার পরিষ্কার করা এবং আসবাবপত্রের পরিচর্যা করতে হতো প্রতীক্ষাকে। সামান্য বেতনে সংসার চালানো কঠিন হওয়ায় পাশাপাশি একটি জুতার কারখানাতেও কাজ করতেন তিনি। তবে এত ব্যস্ততা ও কষ্টের মধ্যেও পড়াশোনা চালিয়ে যাওয়ার স্বপ্ন ছাড়েননি।

একদিন এক ভাঙারি ব্যবসায়ীর কাছ থেকে অষ্টম, নবম ও দশম শ্রেণির পুরোনো বই সংগ্রহ করেন। দিনের কাজ শেষে রাতে কেরোসিনের বাতি জ্বালিয়ে পড়াশোনা করতেন। অবশেষে প্রথমবারেই দশম শ্রেণির পরীক্ষায় ৬০ শতাংশ নম্বর পেয়ে উত্তীর্ণ হন।

এরপর মুম্বাইয়ের ভিখরোলির একটি নৈশ কলেজে ভর্তি হয়ে দ্বাদশ শ্রেণি সম্পন্ন করেন। পরবর্তী সময়ে মনোবিজ্ঞানে স্নাতক ডিগ্রিও অর্জন করেন।

পড়াশোনার পাশাপাশি ব্যাংকেও ধীরে ধীরে পদোন্নতি পেতে থাকেন প্রতীক্ষা। ১৯৯০ সালে পরিচ্ছন্নতাকর্মীর দায়িত্ব ছেড়ে বার্তাবাহক পদে উন্নীত হন। স্নাতক শেষ করার পর বিভাগীয় পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ১৯৯৫ সালে ক্লার্ক-কাম-ক্যাশিয়ার হিসেবে নতুন দায়িত্ব পান।

এদিকে, ১৯৯৩ সালে প্রমোদ টেন্ডুলকারকে বিয়ে করেন প্রতীক্ষা। তাঁর স্বামীও পড়াশোনা চালিয়ে যাওয়া এবং বিভিন্ন বিভাগীয় পরীক্ষায় অংশ নেওয়ার ক্ষেত্রে সব সময় উৎসাহ দিয়েছেন। পরবর্তী সময়ে প্রশিক্ষণার্থী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। এরপর একের পর এক পদোন্নতির ধাপ পেরিয়ে ব্যাংকের উচ্চপর্যায়ের কর্মকর্তা হয়ে ওঠেন।

প্রতীক্ষার দীর্ঘ কর্মজীবনের অন্যতম বড় অর্জন আসে ২০২২ সালের জুনে। ওই সময় ভারতের স্টেট ব্যাংক অব ইন্ডিয়ার সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) পদে নিয়োগ পান তিনি। যে ব্যাংকে মাত্র ৬০-৬৫ রুপি বেতনে পরিচ্ছন্নতাকর্মী হিসেবে কর্মজীবন শুরু করেছিলেন, সেখানেই পৌঁছে যান গুরুত্বপূর্ণ প্রশাসনিক পদে।

তবে এখানেই থেমে থাকেননি প্রতীক্ষা। জীবনের ৫৫ বছর বয়সেও নতুন করে পড়াশোনার স্বপ্ন পূরণ করেছেন। দীর্ঘদিনের ইচ্ছা অনুযায়ী প্রাকৃতিক চিকিৎসাবিদ্যা নিয়ে পড়াশোনা শুরু করেন তিনি।

প্রতীক্ষা টেন্ডলকারের জীবন যেন হার না মানার এক অনন্য উদাহরণ। অল্প বয়সে স্বামীকে হারানো, সন্তানকে একা বড় করা, আর্থিক সংকট ও কঠিন কর্মপরিবেশ-কোনো বাধাই তাঁকে নিজের লক্ষ্য থেকে সরাতে পারেনি। মাসে ৬০ রুপির পরিচ্ছন্নতাকর্মী থেকে ব্যাংকের এজিএম হয়ে ওঠার গল্পটি দেখিয়ে দিয়েছে, শেখার আগ্রহ ও অধ্যবসায় থাকলে জীবনের যেকোনো বয়সেই নতুন করে শুরু করা সম্ভব।

সূত্র: হিন্দুস্তান টাইমস।

ক্যাটাগরি