আন্তর্জাতিক

ট্রাম্প-পুতিনের করমর্দন, পাশে শি জিনপিং

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের উপস্থিতিতে করমর্দন করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ছবি: রয়টার্স
চীনের দক্ষিণাঞ্চলীয় গুয়াংডং প্রদেশের শেনজেনে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক সহযোগিতা (এপেক) সম্মেলনের স্বাগত নৈশভোজের আগে একসঙ্গে দেখা গেছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে। এ সময় ট্রাম্প ও পুতিনকে করমর্দন করতে দেখা যায়। পাশে দাঁড়িয়ে ছিলেন শি জিনপিং।

বুধবার (১৮ নভেম্বর) তিন নেতার এই সাক্ষাৎ আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) তাদের প্রথম ত্রিপক্ষীয় বৈঠক হওয়ার কথা রয়েছে। খবর বিবিসি ও আন্তর্জাতিক সংবাদমাধ্যমের।

রাশিয়ার ক্রেমলিন পুল টিম টেলিগ্রামে প্রকাশিত একটি ভিডিওতে তিন নেতার সাক্ষাতের মুহূর্ত দেখা যায়। ভিডিওতে দেখা যায়, ট্রাম্প চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও তার স্ত্রী পেং লিইয়ানের পাশে দাঁড়িয়ে ছিলেন। এ সময় পুতিন এগিয়ে এলে ট্রাম্পের সঙ্গে তার করমর্দন হয়। পরে দুজনকে একে অপরের কাঁধে হাত রেখে শুভেচ্ছা বিনিময় করতেও দেখা যায়।

২০২৫ সালের আগস্টে যুক্তরাষ্ট্রের আলাস্কায় অনুষ্ঠিত শীর্ষ সম্মেলনের পর এই প্রথম মুখোমুখি হলেন ট্রাম্প ও পুতিন। তাদের এই সাক্ষাৎ আগামী দিনের ত্রিপক্ষীয় আলোচনার আগে বিশেষ গুরুত্ব পাচ্ছে।

এদিকে, তিন নেতার সাক্ষাতের আগে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক নিষেধাজ্ঞা ও বিধিনিষেধের সমালোচনা করেছে চীন ও রাশিয়া। অন্যদিকে, রাশিয়ার ক্রেমলিনপন্থি গণমাধ্যমগুলো ট্রাম্প ও পুতিনের করমর্দনকে ‘ঐতিহাসিক’ হিসেবে বর্ণনা করেছে।

বৃহস্পতিবারের বৈঠকে আন্তর্জাতিক রাজনীতি, বাণিজ্য, ইউক্রেন যুদ্ধ, নিরাপত্তা ও পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় আলোচনায় আসতে পারে।

তিন দেশের শীর্ষ নেতাদের এই প্রথম ত্রিপক্ষীয় বৈঠকের দিকে এখন আন্তর্জাতিক মহলের নজর।

ক্যাটাগরি