লাইফস্টাইল

ঘরেই বানাবেন রেস্টুরেন্টের মতো ঘন দুধ চা

সংগৃহীত ছবি

বাঙালির দৈনন্দিন জীবনে চা একটি জনপ্রিয় পানীয়। তবে বাড়িতে তৈরি চায়ের সঙ্গে রেস্টুরেন্ট বা রাস্তার দোকানের ঘন ও কড়া দুধ চায়ের স্বাদে পার্থক্য থাকে। বিশেষ কোনো উপকরণ নয়, বরং চা-পাতার পরিমাণ, দুধ-পানির অনুপাত এবং তৈরির পদ্ধতিই এর মূল রহস্য।

রেস্টুরেন্টের মতো চা বানাতে প্রতি কাপের জন্য ১ থেকে ১ দশমিক ৫ চা চামচ চা-পাতা ব্যবহার করা যেতে পারে। প্রথমে এক-চতুর্থাংশ কাপ পানিতে একটি হালকা থেঁতো করা এলাচ দিয়ে কয়েক মিনিট ফুটিয়ে নিতে হবে। এরপর চা-পাতা দিয়ে মাঝারি আঁচে প্রায় ২ মিনিট ফুটাতে হবে।

চা-পাতা থেকে রং ও স্বাদ বের হয়ে এলে এতে তিন-চতুর্থাংশ কাপ ফুল-ক্রিম দুধ ও স্বাদমতো চিনি দিতে হবে। এরপর মাঝারি থেকে একটু বেশি আঁচে চা ফুটতে দিতে হবে।

চা ফেনা তুলে ওপরে উঠলে হাতা দিয়ে কিছুটা চা তুলে আবার সসপ্যানে ঢেলে দিতে পারেন। কয়েকবার এভাবে করলে চায়ের মধ্যে বাতাস মিশে স্বাদ ও ঘনত্ব বাড়ে। এ পদ্ধতিকে অনেকেই ‘চা টস’ বলে থাকেন।

সবশেষে আঁচ কমিয়ে ৩ থেকে ৪ মিনিট ধীরে ধীরে ফুটিয়ে চায়ের রং গাঢ় হলে ছেঁকে গরম গরম পরিবেশন করতে হবে। সঠিক পরিমাণ চা-পাতা, দুধ ও পানি এবং এই সহজ কৌশল অনুসরণ করলেই ঘরেই তৈরি করা সম্ভব রেস্টুরেন্টের মতো ঘন, কড়া ও সুগন্ধি দুধ চা।

এফ বার্তা/  এইচ

ক্যাটাগরি