চকরিয়ায় মাদকবিরোধী র্যালি ও সচেতনতামূলক সমাবেশ

চট্টগ্রাম রেঞ্জ ডিআইজির নির্দেশনায় কক্সবাজারের চকরিয়ায় মাদকবিরোধী র্যালি ও সচেতনতামূলক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৭ আগস্ট) বিকেল সাড়ে ৪টায় চকরিয়া থানার ডুলাহাজারা ইউনিয়নের ডুলাহাজারা বাজারে এ কর্মসূচির আয়োজন করা হয়। চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আরিফুর রহমানের নেতৃত্বে র্যালি ও সমাবেশে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, মসজিদের ইমাম, ধর্মীয় পুরোহিত, বৌদ্ধ ধর্মীয় ব্যক্তিত্ব, শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
র্যালিটি ডুলাহাজারা বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে বাজারে একটি সংক্ষিপ্ত সচেতনতামূলক সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা মাদকের ভয়াবহতা ও মাদকাসক্তির ক্ষতিকর প্রভাব তুলে ধরেন। পাশাপাশি মাদক নির্মূলে পরিবার, সমাজ ও সর্বস্তরের মানুষের সম্মিলিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন তারা।
মাদকবিরোধী সামাজিক প্রতিরোধ গড়ে তোলার পাশাপাশি মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য স্থানীয় জনগণের প্রতি আহ্বান জানান বক্তারা।
চকরিয়া থানা পুলিশ জানায়, মাদকমুক্ত সমাজ গঠনে জনসচেতনতা বৃদ্ধি এবং মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ আরও জোরদার করতে এ ধরনের কর্মসূচি অব্যাহত থাকবে।



