ড্যাপসহ অযৌক্তিক বিধিমালা সংস্কার করতে হবে: রিহ্যাব প্রেসিডেন্ট

দেশের আবাসন ব্যবসায় বিদ্যমান জটিল ও কঠিন নিয়ম-কানুন এবং বাস্তবতাবিবর্জিত বিভিন্ন বিধিবিধানের কারণে এ খাত ক্রমেই সংকটের মুখে পড়ছে বলে মন্তব্য করেছেন রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব)-এর প্রেসিডেন্ট ড. আলী আফজাল। আবাসন শিল্পকে টিকিয়ে রাখতে ড্যাপসহ অযৌক্তিক বিধিমালার প্রয়োজনীয় সংস্কার ও সংশোধন করতে হবে বলে দাবি করেছেন তিনি।
আবাসন ব্যবসার বর্তমান পরিস্থিতি, সংকট ও সম্ভাব্য সমাধান নিয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। সোমবার (২৮ সেপ্টেম্বর) রাজধানীর মিরপুর-১২-এর সেতারা কনভেনশন সেন্টারে সম্মিলিত রিয়েল এস্টেট ফোরামের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রিহ্যাব প্রেসিডেন্ট ড. আলী আফজাল। বিশেষ অতিথি ছিলেন রিহ্যাবের সাবেক প্রেসিডেন্ট মো. আবদুল আউয়াল ও সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আব্দুর রাজ্জাক।
সভায় বক্তারা বলেন, দেশের আবাসন ব্যবসা বর্তমানে নানা ধরনের সমস্যার চাপে রয়েছে। এর সঙ্গে বাস্তবতাবিবর্জিত বিভিন্ন বিধিবিধান যুক্ত হওয়ায় ব্যবসা পরিচালনা ক্রমেই কঠিন হয়ে পড়ছে। আবাসন শিল্পের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে বিপুলসংখ্যক মানুষ ও প্রতিষ্ঠান জড়িত থাকায় এ খাতের সংকটের প্রভাব সামগ্রিক অর্থনীতিতেও পড়ছে।
মতবিনিময় সভায় আবাসন খাতের বর্তমান পরিস্থিতি, বিদ্যমান সমস্যা ও সংকট, ড্যাপসহ বিভিন্ন বিধিমালার বাস্তব প্রভাব এবং এসব বিষয়ে প্রয়োজনীয় সংস্কার ও সংশোধনের সম্ভাব্য উদ্যোগ নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
বক্তারা বলেন, আবাসন খাতকে টেকসই ও গতিশীল রাখতে বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নীতিমালা প্রণয়ন প্রয়োজন। একই সঙ্গে ব্যবসায়ীদের মধ্যে পারস্পরিক মতবিনিময়, ঐক্য ও সমন্বিত উদ্যোগ বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়।
সভায় বিভিন্ন আবাসন প্রতিষ্ঠানের ডেভেলপাররা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন এবং খাতটির বিদ্যমান সমস্যা ও সম্ভাবনা নিয়ে নিজেদের মতামত তুলে ধরেন।
সভা বাস্তবায়ন কমিটির আহ্বায়ক হিসেবে উপস্থিত ছিলেন মিরপুর রিয়েল এস্টেট ফোরামের প্রেসিডেন্ট মো. সহিদুল ইসলাম।
এ সময় উত্তরা ডেভেলপার ফোরামের সভাপতি মো. ইব্রাহিম সরকার এবং সাউথ ডেভেলপার ফোরামের উপদেষ্টা মো. শাখাওয়াত হোসেন বক্তব্য দেন।
মতবিনিময় সভায় রিহ্যাবের ভাইস প্রেসিডেন্ট-২ আবু খালিদ মোহাম্মদ বরকত উল্লাহ, ভাইস প্রেসিডেন্ট-৩ এ এফএম ওবায়দুল্লাহ, ভাইস প্রেসিডেন্ট (ফিন্যান্স) ড. মো. হারুন অর রশিদসহ রিহ্যাব পরিচালনা পর্ষদের বিভিন্ন পরিচালক উপস্থিত ছিলেন।
সভায় বিপুলসংখ্যক আবাসন ব্যবসায়ী অংশগ্রহণ করেন।
ফিনান্সিয়াল বার্তা/ এইচ



