অর্থনীতি

নভেম্বরের ২৫ দিনে রেমিট্যান্স এল ৩১ হাজার ৮৩০ কোটি টাকা

ছবি: সংগৃহীত

চলতি বছরের নভেম্বর মাসের প্রথম ২৫ দিনে দেশে ২৫৬ কোটি ৭০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। দেশীয় মুদ্রায় এর পরিমাণ ৩১ হাজার ৮৩০ কোটি ৮০ লাখ টাকা (প্রতি ডলার ১২৪ টাকা হিসাবে)। গত বছরের একই সময়ের তুলনায় প্রবাসী আয় বেড়েছে ৫ দশমিক ২০ শতাংশ।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেছেন।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত বুধবার (২৫ নভেম্বর) এক দিনেই দেশে ৬ কোটি ৯০ লাখ ডলার রেমিট্যান্স এসেছে। দেশীয় মুদ্রায় যার পরিমাণ ৮৫৫ কোটি ৬০ লাখ টাকা।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, গত বছরের নভেম্বর মাসের প্রথম ২৫ দিনে দেশে রেমিট্যান্স এসেছিল ২৪৪ কোটি ১০ লাখ ডলার। সেই হিসাবে চলতি বছরের একই সময়ে প্রবাসী আয়ে ১২ কোটি ৬০ লাখ ডলারের বেশি প্রবৃদ্ধি হয়েছে।

এদিকে চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম পাঁচ মাসেরও বেশি সময়ে রেমিট্যান্স প্রবাহে ইতিবাচক ধারা অব্যাহত রয়েছে। ১ জুলাই থেকে ২৫ নভেম্বর পর্যন্ত দেশে মোট ১ হাজার ৪০৩ কোটি ৮০ লাখ ডলার প্রবাসী আয় এসেছে।

অন্যদিকে, গত অর্থবছরের একই সময়ে দেশে রেমিট্যান্স এসেছিল ১ হাজার ২৫৯ কোটি ডলার। সে হিসাবে চলতি অর্থবছরের একই সময়ে প্রবাসী আয় বেড়েছে ১১ দশমিক ৫০ শতাংশ।

প্রবাসীদের পাঠানো এই অর্থ দেশের বৈদেশিক মুদ্রার প্রবাহ এবং সামগ্রিক অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। নভেম্বরের বাকি দিনগুলোতেও রেমিট্যান্সের এই প্রবাহ অব্যাহত থাকে কি না, এখন সেদিকেই নজর সংশ্লিষ্টদের।

ক্যাটাগরি