পবিত্র আশুরা ২৬ জুন

বাংলাদেশের আকাশে আজ পবিত্র মহররম মাসের চাঁদ দেখা গেছে। বুধবার (১৭ জুন) শুরু হচ্ছে মহররম মাস ও নতুন বছর ১৪৪৮ হিজরি। আগামী ২৬ জুন শুক্রবার (১০ মহররম) দেশে পবিত্র আশুরা পালিত হবে।
মঙ্গলবার (১৬ জুন) সন্ধ্যায় বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। সভায় সভাপতিত্ব করেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সচিবের রুটিন দায়িত্বে থাকা অতিরিক্ত সচিব মো. ফজলুর রহমান।
এবার ২৯ দিনেই শেষ হলো জিলহজ মাস। হিজরি সনের প্রথম মাস হচ্ছে মহররম। আশুরার দিন দেশে নির্বাহী আদেশে সরকারি ছুটি থাকে।
আশুরা আরবি শব্দ, যা মূলত ‘আশারা’ থেকে এসেছে। এর অর্থ হচ্ছে দশ। আরবি সনের প্রথম মাস মহররমের ১০ তারিখকে পবিত্র আশুরা বলা হয়। ইসলামের ইতিহাসে এই দিনটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও মহিমান্বিত। মহান আল্লাহ যেদিন আকাশ, বাতাস, পাহাড়-পর্বত, নদী-নালা, জান্নাত-জাহান্নাম, লাওহে মাহফুজ ও যাবতীয় সৃষ্টিজীবের আত্মা সৃষ্টি করেছিলেন, সেই দিনটি ছিল এই ১০ মহররম তথা পবিত্র আশুরার দিন।
পবিত্র আশুরার অন্যতম প্রধান আমল হলো রোজা রাখা। আশুরার রোজা রাখার সঠিক নিয়ম হলো— দুটি রোজা রাখতে হবে। মহররমের ১০ তারিখ একটি, আর এর সাথে মিলিয়ে আগের দিন অর্থাৎ ৯ মহররম অথবা পরের দিন অর্থাৎ ১১ মহররম আরও একটি রোজা রাখতে হয়।




