পরিস্থিতি বদলালে এখনই ইরানে হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র: ট্রাম্প

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের মিত্র দেশ এবং তাদের বাণিজ্যিক জাহাজের ওপর ইরানের পক্ষ থেকে হামলার হুমকি অব্যাহত থাকলে যেকোনো মুহূর্তে দেশটিতে নতুন করে সামরিক অভিযান শুরু করতে পারে যুক্তরাষ্ট্র। এমন হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
বৃহস্পতিবার মার্কিন সংবাদমাধ্যম সালেম নিউজ চ্যানেলকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ইরানের পরিস্থিতি মোকাবিলায় যুক্তরাষ্ট্র কোনো ধরনের দ্বিধায় নেই। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে গেলে তাৎক্ষণিক সামরিক পদক্ষেপ নেওয়া হতে পারে।
সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘কোনো দ্বিধা নেই। আমরা পরিস্থিতি ভালোভাবেই সামাল দিচ্ছি। তবে পরিস্থিতি অন্যদিকে মোড় নিলে অবশ্যই পদক্ষেপ নেব। এমনকি এই মুহূর্তেই তা করতে পারি।’
গত পাঁচ মাসে যুক্তরাষ্ট্রের কোনো সেনা নিহত হননি বলেও দাবি করেন তিনি। একই সঙ্গে পারস্য উপসাগরে যুক্তরাষ্ট্রের পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে বলে মন্তব্য করেন মার্কিন প্রেসিডেন্ট।
সাক্ষাৎকারে ইরানের বর্তমান শাসনব্যবস্থা এবং অর্থনৈতিক পরিস্থিতি নিয়েও কথা বলেন ট্রাম্প। তাঁর দাবি, দেশটির শাসনব্যবস্থা ভেতর থেকেই দুর্বল হয়ে পড়ছে।
ট্রাম্প বলেন, ইরানের মুদ্রাস্ফীতি ৩০১ শতাংশে পৌঁছেছে এবং দেশটির অর্থনীতি ধ্বংস হয়ে গেছে। এমনকি সেনাবাহিনীর সদস্যদের বেতন দিতেও দেশটির সরকার হিমশিম খাচ্ছে বলে দাবি করেন তিনি।
ইরানের নৌবাহিনী ও বিমানবাহিনী কার্যত ধ্বংস হয়ে গেছে বলেও মন্তব্য করেন মার্কিন প্রেসিডেন্ট।
সাক্ষাৎকারে ট্রাম্পকে প্রশ্ন করা হয়, তাঁর প্রেসিডেন্সির মেয়াদ শেষ হওয়ার সময়ও যদি ইরানের বর্তমান নেতৃত্ব ক্ষমতায় থাকে, তাহলে সেটিকে তিনি নিজের পরাজয় হিসেবে বিবেচনা করবেন কি না।
জবাবে ট্রাম্প বলেন, ‘হ্যাঁ, সেটি একটি পরাজয়ই হবে।’
উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের বর্তমান মেয়াদ ২০২৯ সালের জানুয়ারিতে শেষ হওয়ার কথা
এদিকে ট্রাম্পের সাক্ষাৎকার প্রচারের কয়েক ঘণ্টা পর শুক্রবার ভোরে বাহরাইনে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটির রাডার ব্যবস্থায় ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটে। ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) এ হামলা চালিয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার স্যাটেলাইট চিত্র বিশ্লেষণে ঘাঁটির কয়েকটি রাডার ডোম ক্ষতিগ্রস্ত হওয়ার তথ্য উঠে এসেছে। পাশাপাশি কয়েকটি ভবনেও ক্ষয়ক্ষতির কথা জানানো হয়েছে।
রয়টার্সের তথ্য অনুযায়ী, গত সেপ্টেম্বরের প্রথম সপ্তাহের পর মধ্যপ্রাচ্যে অবস্থিত কোনো মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের হামলার ঘটনা ঘটেনি। শুক্রবারের হামলার মধ্য দিয়ে সেই বিরতির অবসান হয়েছে।
এ পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে সামরিক উত্তেজনা বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে।
সূত্র: আনাদোলু এজেন্সি, আলজাজিরা ও রয়টার্স।



