আন্তর্জাতিক

ফ্লোরিডায় ট্রাম্পের অবকাশযাপন কেন্দ্রের কাছে বিমান বিধ্বস্ত, নিহত ৯

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে ব্যবসায়িক কাজে ব্যবহৃত একটি ছোট বিমান বিধ্বস্ত হয়ে ৯ আরোহী নিহত হয়েছেন। রোববার (১ নভেম্বর) স্থানীয় সময় দুপুরে ক্রেস্টহেভেন এলাকার কাছে এ দুর্ঘটনা ঘটে। বিমানটিতে মোট ৯ জন আরোহী ছিলেন।

যুক্তরাষ্ট্রের পরিবহণমন্ত্রী শন ডাফি দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি ঘটনাটিকে অত্যন্ত মর্মান্তিক বলে বর্ণনা করেন।

স্থানীয় সময় রোববার দুপুর ১২টা ৫০ মিনিটের দিকে বিমানটি বিধ্বস্ত হয়। দুর্ঘটনাস্থল যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অবকাশযাপন কেন্দ্র মার-আ-লাগো থেকে প্রায় ৯ মাইল বা ১৪ কিলোমিটার দূরে। এটি ফ্লোরিডার পাম বিচ কাউন্টির অভিজাত এলাকায় অবস্থিত।

দুর্ঘটনাস্থলের ছবিতে আবাসিক এলাকার একটি সড়কে বড় গর্ত এবং আগুনের চিহ্ন দেখা গেছে। বিমানটির ভাঙা অংশ, কংক্রিটের টুকরা ও অন্যান্য ধ্বংসাবশেষ সড়কজুড়ে ছড়িয়ে পড়ে।

যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) জানিয়েছে, বিধ্বস্ত বিমানটি ছিল লিয়ারজেট ৬০ মডেলের। এটি টেক্সাসের অস্টিন থেকে যাত্রা শুরু করে বাহামার উদ্দেশে যাচ্ছিল।

যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যমের প্রতিবেদন ও বিমানটির গতিপথ বিশ্লেষণে দেখা গেছে, বিধ্বস্ত হওয়ার আগে বিমানটি প্রতি সেকেন্ডে কয়েক শ ফুট নিচে নামছিল।

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দুর্ঘটনার দৃশ্য দেখা গেছে বলে দাবি করা হচ্ছে। তবে ভিডিওটির সত্যতা নিশ্চিত হওয়া যায়নি। ভিডিওতে দেখা যায়, আবাসিক এলাকার একটি সড়ক দিয়ে গাড়ি চলার সময় হঠাৎ একটি বিমান প্রায় খাড়াভাবে নিচে নেমে মাটিতে আছড়ে পড়ে। মুহূর্তেই সেখানে বড় আগুনের গোলা তৈরি হয়।

দুর্ঘটনার পর এক সংবাদ সম্মেলনে ফ্লোরিডার গভর্নর রন ডিস্যান্টিস বলেন, ভিডিওটি দেখলে গা শিউরে ওঠে। বিমানটিকে ক্ষেপণাস্ত্রের মতো নিচে নেমে আসতে দেখা যায়। এরপর বিশাল বিস্ফোরণ ঘটে এবং চারদিকে ধ্বংসাবশেষ ছড়িয়ে পড়ে।

বিমানটির আরোহীদের পরিচয় তাৎক্ষণিকভাবে প্রকাশ করা হয়নি। গভর্নর ডিস্যান্টিস আরও জানান, দুর্ঘটনায় মাটিতে থাকা কারও নিহত বা আহত হওয়ার খবর পাওয়া যায়নি।

এদিকে দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। শন ডাফি জানান, তদন্তে ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ডকে (এনটিএসবি) সহায়তা করতে এফএএ ঘটনাস্থলে একটি দল পাঠাচ্ছে।

সূত্র: বিবিসি

ক্যাটাগরি