খেলাধুলা

বসুন্ধরায় জমজমাট ফাইনালে পর্দা নামল আন্তর্জাতিক স্কোয়াশ আসরের

ছবি: সংগৃহীত

রাজধানীর বসুন্ধরা স্পোর্টস সিটিতে জমজমাট ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামল পাঁচ দিনব্যাপী আন্তর্জাতিক স্কোয়াশ টুর্নামেন্ট বাংলাদেশ আন্তর্জাতিক স্কোয়াশ ২০২৬-এর। শুক্রবার (২৮ আগস্ট) অনুষ্ঠিত ফাইনালে শ্রীলঙ্কার রভিন্দ্র লক্ষীশ্রীকে সরাসরি ৩-০ সেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছেন মিশরের জিয়াদ ইব্রাহিম।

বিশ্ব র‍্যাঙ্কিংয়ে ১৪৪তম স্থানে থাকা জিয়াদ ফাইনালে ১৬৪তম র‍্যাঙ্কধারী লক্ষীশ্রীর বিপক্ষে শুরু থেকেই দাপট দেখান। শেষ পর্যন্ত কোনো সেট না হেরেই শিরোপা নিশ্চিত করেন মিশরীয় এই খেলোয়াড়।

গত ২৪ আগস্ট শুরু হওয়া টুর্নামেন্টে বিশ্বের ১১টি দেশের শীর্ষস্থানীয় পেশাদার স্কোয়াশ খেলোয়াড়রা অংশ নেন। আসরের পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের হাতে ট্রফি, মেডেল ও প্রাইজমানি তুলে দেন বাংলাদেশ সেনাবাহিনীর ইঞ্জিনিয়ার ইন চিফ মেজর জেনারেল মু. হাসান-উজ-জামান।

ফাইনালে রানার্সআপ হন শ্রীলঙ্কার রভিন্দ্র লক্ষীশ্রী। প্রথম রানার্সআপ ইরানের সেফের এতেমাদপুর এবং দ্বিতীয় রানার্সআপ মিশরের মোহাম্মদ গহর। বাংলাদেশের সেরা খেলোয়াড়ের পুরস্কার পান তরুণ প্রতিভা পারভেজ করিম।

সমাপনী অনুষ্ঠানে ‘স্কোয়াশ ও শিক্ষা বৃত্তি’ প্রদান, মাধ্যমিকে কৃতী স্কোয়াশ খেলোয়াড়দের সম্মাননা এবং ক্ষুদে খেলোয়াড়দের ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়।

আয়োজকরা জানান, ‘ক্লাসরুম স্কোয়াশ’, নেতৃত্ব বিকাশ ও শিক্ষা বৃত্তির মতো ধারাবাহিক উদ্যোগের মাধ্যমে দেশে স্কোয়াশের বিকাশ ঘটছে। আন্তর্জাতিক এই আয়োজন বাংলাদেশের খেলোয়াড়দের অভিজ্ঞতা ও র‍্যাঙ্কিং উন্নয়নের পাশাপাশি বিশ্ব অঙ্গনে দেশকে সম্ভাবনাময় স্কোয়াশ গন্তব্য হিসেবে পরিচিত করছে।

আগামী ২০৩২ অলিম্পিকে স্কোয়াশকে আরও শক্ত অবস্থানে নিতে অবকাঠামো উন্নয়ন ও সম্মিলিত উদ্যোগ অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করে টুর্নামেন্টের সমাপ্তি ঘোষণা করা হয়।

ক্যাটাগরি